বজ্রপাতে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় গতকাল বৃহস্পতিবার গাছ উপড়ে পড়ে মতি হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

একই দিন মেহেন্দিগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন খোরশেদ ব্যাপারী (৫০)। এদিকে গোপালগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে কৃষক ও ধান কাটার শ্রমিকসহ চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

গতকাল বেলা ১১টায় ঝড় চলার সময় উজিরপুরের জয়শ্রী এলাকায় মহসড়কের পাশে কৃষ্ণচূড়া গাছটি উপড়ে চায়ের দোকানের ওপর পড়লে মতি হাওলাদার গাছের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হন চায়ের দোকানদার ইউসুফ হোসেনসহ তিনজন। অন্যদিকে মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ও খোরশেদ ব্যাপারী সকালে মাঠে ধান কাটতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন খোরশেদ। গুরুতর আহত হন আনোয়ার হোসেন।

গতকাল দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার শেওড়া গ্রামের পরিতোষ মিস্ত্রি (৫০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার একসরা গ্রামের বশার গাজী (২৫), টুঙ্গীপাড়ার সজীব শেখ (১৭) ও একই উপজেলার গোপালপুর গ্রামের পিযূষ ব্যানার্জি (৩৩)। এ সময় তিনজন আহত হন। এ ছাড়া কোটালীপাড়ার ভাঙ্গারহাট এলাকায় বজ্রপাতে চারজন আহত হন।

আমাদের ফরিদপুর অফিস জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বজ্রপাতে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের টেগুরডাঙ্গা গ্রামের এক স্কুলছাত্র নিহত হয়। তার নাম মো. মাসুম (১০)। সে ওই গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে এবং কামারগ্রাম কাঞ্চন একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।