বজ্রপাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জামে মসজিদে গত শুক্রবার বজ্রপাতে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল রোববার বাদ আসর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানসহ দূরদূরান্তের বহু মানুষ অংশ নেন। মিলাদ মাহফিলে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গত শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়কালে বজ্রপাতে ওই গ্রামের ১৩ জন নিহত ও ১৫ জন আহত হন। এদিকে সরকারি সহায়তার পাশাপাশি দুই দিন ধরেই বজ্রপাতে হতাহতদের পরিবারকে বিভিন্নজন ব্যক্তিগতভাবেও আর্থিক সহায়তা করছেন। দুর্ঘটনাস্থল দেখতে ও শোকাহতদের সান্ত্বনা দিতে এখনো বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন। ইউএনও শহিদুল ইসলাম বলেন, ব্যক্তিগত সহায়তার পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকেও নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। তা ছাড়া জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা করে।আহত দুজনকে ময়মনসিংহে স্থানান্তর: ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বজ্রপাতে আহত ছয়জনের মধ্যে রুপচান মিয়া (২৫) ও শফিক মিয়াকে (২৬) গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, বজ্রপাতে আহত এ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। আহত অন্যদের অবস্থা ভালো।