বজ্রপাতে নয় জেলায় ১৭ জনের মৃত্যু
বরিশাল, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজবাড়ী, ঝিনাইদহ, নরসিংদী ও দিনাজপুর জেলায় বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার রাতে ১৭ জন মারা গেছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশালে বজ্রপাতে দুই সহোদরসহ তিনজন মারা গেছেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ কাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে। কাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, গতকাল বিকেলে এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে গরু আনতে গিয়ে মারা যান দক্ষিণ কাজীরচর গ্রামের জব্বার মোল্লার দুই ছেলে খোরশেদ আলম মোল্লা (৬৫) ও কবির হোসেন মোল্লা (৩৫) এবং একই এলাকার ভাষাই মোল্লার ছেলে ইশতিয়াক মোল্লা (৬৫)। তিনি আরও জানান, বজ্রপাতে ওই এলাকায় আনিচ ব্যাপারী ও আবুল ব্যাপারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, বিজয়নগর ও সরাইল উপজেলায় বজ্রপাতে গতকাল চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। নাসিরনগর উপজেলায় মারা গেছেন ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া (৫৫), একই গ্রামের হামিদ মিয়ার ছেলে সহিদ মিয়া (৩২) ও আবু মিয়ার ছেলে জিনু মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিখোলা গ্রামের পাঁচ জেলে গতকাল সকাল থেকে বেমালিয়া নদীতে মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। তখন তাঁরা নদীপাড়ের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন দুজন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, এই উপজেলায় নিহত যুবকের নাম আবদুল হান্নান (৩২)। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের আবদুল হামিদের ছেলে।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে বজ্রপাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের বসন দাস (৩০) ও হাবিবুর রহমান (৫০) নামের দুই কৃষক আহত হয়েছেন। তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের আটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আটপাড়া গ্রামের ইসমলাইল মিয়ার ছেলে আবদুস সালাম এবং লাল মিয়ার স্ত্রী রেখা বেগম।
স্বজনেরা বলেন, বাড়ির কাছে সেচকাজ দেখার জন্য সালাম মিয়া ও লাল মিয়া বাইরে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বৃষ্টি শুরু হয়। তখন তাঁদের স্বজনেরা ছাতা নিয়ে যান। ফিরে আসার সময় বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে সালাম ও রেখা মারা যান। আহত ব্যক্তিদের ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন ভূঁইয়া ও ইউপি সদস্য নাসির উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আফছার আলী (৬৫) নিহত হয়েছেন। আফছার আলী উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার বলেন, বুধবার রাতে বৃষ্টি শুরু হলে আফছার আলী গরু বাঁধতে বাড়ির বাইরে বের হন। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।
এ ছাড়া গতকাল বজ্রপাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে মো. নুরুন্নবী (৩৮) ও মো. আলমগীর (৩৫), লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চরজাঙ্গালীয়া এলাকায় নুর মোহাম্মদ (৪৯) ও তাঁর জামাতা মো. মহিন উদ্দিন (২২), রাজবাড়ীর পাংশা উপজেলায় গেদাই জোয়াদ্দার (৩০), ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ও নোয়াখালীর কবিরহাট উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামে বেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি মারা যান।