বজ্রপাতে পাঁচ জেলায় সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচ জেলায় আজ শুক্রবার বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত নয়জন। 

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর :

শেরপুর : শেরপুরে বজ্রপাতে জোসনা মিয়া (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আফালী মিয়ার ছেলে আহালু মিয়া (৪০) ও আক্তার আলীর ছেলে চান মিয়া (১৫)। তাঁদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে জেলার নালিতাবাড়ী উপজেলায় মিয়া হোসেন (৪৫) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি নালিতাবাড়ী পৌরসভার কালিনগর এলাকার উমেদ আলীর ছেলে। আজ সকাল সাড়ে ১০টার দিকে জমিতে কাজ করার সময় তিনি বজ্রপাতে মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে শরিফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সমসপাড়া নুনদহ গ্রামের আবদুস ছামাদের ছেলে। তালুক কানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে শরিফুল বৃষ্টির মধ্যে বাড়ি–সংলগ্ন পুকুরে মাছের খাবার দিতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর ও কচুয়া উপজেলায় বজ্রপাতে দুজন মারা গেছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামপুর বেড়িবাঁধ এলাকায় নাছিমা বেগম (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী। নাসিমা বজ্রপাতে ঝলসে গেলে স্থানীয় লোকজন তাঁকে আমিরাবাদ বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে চাঁদপুরের কচুয়ায় বিল্লাল প্রধান (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল বুধুন্ডা গ্রামের জাফর আলী প্রধানের ছেলে। বিল্লাল বাড়ির পার্শ্ববর্তী বিলে ঘাস কাটতে গেলে বজ্রপাতে মারা যান।

মেহেরপুর : মেহেরপুরে বিভিন্ন গ্রামে আজ শুক্রবার বিকেলে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পৃথক বজ্রপাতে আহত হয়েছেন সাতজন। গৃহবধূ আইমা খাতুন (২৮) সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক কালু শেখের স্ত্রী। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় ওই গৃহবধূ বাড়ির উঠানে বজ্রপাতে ঝলসে যান। তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। একই সময়ে গোভিপুর, রামনগর ও তেরাইল গ্রামে বজ্রপাতে আরও সাতজন আহত হন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকেল চারটার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল তার বাড়ির পাশে মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।