বজ্রপাতে পাঁচজনের মৃত্যু
বজ্রপাতে গতকাল বুধবার নাটোরে লালপুরে স্কুলছাত্র ও সিংড়ায় কৃষকের মৃত্যু হয়েছে। একই দিন বজ্রপাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্র ও বগুড়ার শেরপুরে একটি শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: দুপুরে লালপুরের জোতগাড়ি গ্রামের হাসান আলীর ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র সেলিম হোসেন (৮) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়।এ ছাড়া দুপুরে সিংড়ার শালিকা গ্রামের কৃষক আহম্মদ আলী (৫০) জমিতে পাট কাটার সময় বজ্রপাতে মারা যান।
শেরপুর (বগুড়া): উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মাঠে বৃষ্টির মধ্যে খেলা করার সময় তামান্না খাতুন (৯) মারা যায়। তামান্না ফুলবাড়ী গ্রামের কামাল হোসেনের মেয়ে। একই সময় উপজেলার হাঁপুনিয়া গ্রামে অহেলা বেওয়া (৫৫) বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ার পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চবিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় নবম শ্রেণির ছাত সোহাগ হোসেন (১৪) বজ্রপাতে মারা যায়। সে শাহিকোলা গ্রামের আবদুল আওয়ালের ছেলে।