বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার পৃথক এ ঘটনাগুলো ঘটেছে উপজেলার পাইকুড়া, মাস্কা ও গন্ডা ইউনিয়নে। কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কেন্দুয়া (নেত্রকোনা): এলাকাবাসী, পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেলে পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের আলিম উদ্দিনের ছেলে ও স্থানীয় মজলিশপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল হক (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতের শিকার হয়। মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
এ ছাড়া উপজেলার মাস্কা ইউনিয়নের রায়পুর গ্রামের ছোয়াদ মিয়ার ছেলে আতিকুল ইসলাম (২৫) হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১২) বাড়ির পাশে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
ভৈরব ও নিকলী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে রতন মিয়া (৬৫) ও সাদির মিয়া (৪০) নামের দুই কৃষক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বাদলা ইউনিয়নের তানেরস্বর হাওরে তাঁরা বজ্রপাতের শিকার হন। পুলিশ জানায়, রতন ও সাদির মিয়ার বাড়ি তানেরস্বর গ্রামে। তাঁরা ধান নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।