বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষক ও দিন মজুরসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাঁরা মারা যান। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মৃত তিন ব্যক্তি হলেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামের জামাল শেখের ছেলে আবু বক্কর শেখ (৪৫), একই এলাকার মৃত ওয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে লাল মিয়া মণ্ডল (৪৫) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কছিন কাকনা গ্রামের হেলাল শিকদারের ছেলে আবুল শিকদার (৩৫)। আহত ব্যক্তি হলেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে হায়দার প্রামাণিক (৩০)।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে আবু বক্কর, লাল মিয়া, আবুল শিকদার ও হায়দার প্রামাণিককে হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে তিনজনই আগেই মারা যান। লাল মিয়ার মাথার চুল ও বুকের অধিকাংশ স্থান পোড়া ছিল। এ ছাড়া অচেতন হায়দার প্রামাণিককে দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর চেতনা ফিরলে তিনি হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যান।

নলডুবি গ্রামের বাসিন্দা হাসান গায়ান জানান, মঙ্গলবার বিকেলে আবু বক্কর তাঁর জমিতে স্থানীয় দিনমজুর লাল মিয়া ও বাজার থেকে আনা টাঙ্গাইলের আবুল শিকদারকে নিয়ে কাজ করছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। একই সময় পাশের জমিতে কাজ করছিলেন প্রতিবেশী হায়দার প্রামাণিক। বজ্রপাতে তিনিও গুরুতর আহত হন।

আবুল শিকদারের নিকট আত্মীয় মনির হোসেন জানান, তিনি হায়দারের বাড়িতে ও আবুল শিকদার আবু বক্করের বাড়িতে দিনমজুর হিসেবে শ্রম কাজ করছিলেন। ঘটনার সময় তিনি হায়দারের বাড়িতে ছিলেন। সংবাদ পেয়ে তিনিসহ সবাই হাসপাতালে ছুটে যান। পরে পরিবারের লোকজন লাল মিয়া ও আবু বক্করের মরদের হাসপাতাল থেকে নিয়ে যান। আবুল শিকদারের মরাদেহ হাসপাতালে রয়েছে। তাঁর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।