বজ্রপাতে প্রাণ গেল মা-বাবা ও শিশুপুত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মা-বাবা ও শিশুপুত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

বজ্রপাতে মারা গেছেন কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আবদুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮), তাঁর স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাঁদের শিশুপুত্র মো. ইমন (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কবিরহাটের জগদানন্দ গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ছায়দুল হক। তাঁরা মুছাপুর এলাকায় গেলে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ছায়দুল হক তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে মুছাপুরের গোলাম রসুলের বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন এসে লাশগুলো নিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহগুলো ছায়দুলের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
পিরোজপুরে কিশোরের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামে আজ দুপুরের দিকে বজ্রপাতে খায়রুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। খায়রুল ইসলাম উপজেলার বেতমোর গ্রামে মনির হোসেনের শরীফের ছেলে।
বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন জানান, মঙ্গলবার দুপুরে খায়রুল ইসলাম বাড়ির সামনের ধানের খেতে মাছ ধরতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে খায়রুল ঘটনাস্থলে মারা যায়।