বজ্রপাতে প্রাণ গেল শিশু-কিশোরসহ পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে স্কুলছাত্রসহ তিন কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বাউটি বিলে এ ঘটনা ঘটে। বিকেলে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাটাউরা গ্রামে ইনছান আলী (৫৫) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
একই দিন সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সামিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের নাসির আলীর মেয়ে। এ নিয়ে গত চার দিনে বজ্রপাতে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল অন্তত ৬৭।
কোম্পানীগঞ্জে নিহত তিন কিশোর হলো, পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর ছেলে সেলিম আহমদ (১৫) ও নূরুল ইসলামের ছেলে নবী হোসেন (১৪)। তাদের মধ্যে ইমরান রাজনগর নতুনবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বলেন, ওই তিন কিশোর গতকাল ভোরে একটি নৌকা নিয়ে বাউটি বিলে মাছ ধরতে যায়। সকাল সাড়ে সাতটার দিকে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিন কিশোরের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জৈন্তাপুরের কাটাউরা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ওই গ্রামের ইনছান আলী গতকাল বিকেলে ঝোড়ো হাওয়ার মধ্যে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দোয়ারাবাজারের সোনাপুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঝোড়ো হাওয়ার মধ্যে বাড়ির উঠানে আম কুড়াতে যায় সামিয়া। তখন বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাকে ছাতকের কৈতক পল্লী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।