বজ্রপাতে প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃক্ষনিধন রোধ, বজ্রপাতের সতর্ক বার্তা সুনির্দিষ্ট করা, ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা, পাঠ্যপুস্তকে বজ্রপাতসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তি—বজ্রপাতে ক্ষতি রোধে এমন একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বজ্রপাত কমানো যাবে না, কিন্তু কেবল সচেতনতা এর ক্ষতি কমাতে পারে।
রাজধানীর একটি হোটেল গতকাল শনিবার ‘বজ্রপাতে করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব প্রস্তাব তুলে ধরা হলো। গতকালের কর্মশালায় সরকারি কর্মকর্তা, গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বজ্রপাতে করণীয় ঠিক করতে কর্মপন্থা নির্ধারণই ছিল এর মূল লক্ষ্য।
কর্মশালার উদ্বোধন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া গত ছয় বছরে দেশে বজ্রপাতে মৃত্যুর চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন। মন্ত্রী বলেন, আমরা দুর্যোগে মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনতে চাই। তিনি জানান, এ বছর এ পর্যন্ত বজ্রপাতে ১০৩ জন নিহত হয়েছে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এর গুরুত্বের কথা বিবেচনা করেই একে ‘দুর্যোগ’ ঘোষণা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
কর্মশালায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বজ্রপাতে ক্ষতি রোধে বন বা বৃক্ষ উজাড় রোধ করার পরামর্শ দেন। তিনি বলেন, বজ্রপাতে আহত লোকদের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে ভাবতে হবে। বজ্রপাতে আহত লোকেরা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। তিনি বলেন, বজ্রপাতে সতর্কবার্তা দেওয়ার ক্ষেত্রে মুঠোফোনকে ব্যবহার করা যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এম আরশাদ মোমেন বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে বজ্রপাত বৃদ্ধির সম্পর্ক রয়েছে। তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে এর তীব্রতা আরও বাড়তে পারে।
কর্মশালায় জাইকার বাংলাদেশিয় কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর (দুর্যোগ ব্যবস্থাপনা) নাওকি মাতসুমুরা বলেন, সতর্ক ব্যবস্থায় আধুনিকায়ন ও সচেতনতা বৃদ্ধি করে জাপানে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমেছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পাঁচটি দলে ভাগ হয়ে আলোচনা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামালের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরীন প্রমুখ।