বজ্রপাতে বাবা ও ছেলেসহ তিন জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। একই দিন চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পরাণপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আবদুল হামিদ ফকির (৪৫) পাটখেতে কাজ করতে যান। দুপুরের দিকে তাঁর ছেলে আবু হুরাইরা (১৩) বাবার জন্য ভাত নিয়ে যায়। এরই মধ্যে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে বাবা-ছেলে মাঠের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বাবা-ছেলের ওপর বজ্রপাত হয়। এলাকার লোকজন দুজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শামসুজ্জামান তাঁদের মৃত ঘোষণা করেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পরাণপুরে বজ্রপাতে নিহত কৃষকের নাম আবু সায়ীদ (৩৫)। এ ঘটনায় আরও তিন কৃষি শ্রমিক আহত হন। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মিলন হোসেন (৩৬), আপেল মাহমুদ (৩৩) ও নাজিম উদ্দিন (৩৪)। আপেল মাহমুদ জানান, তাঁরা চারজন সকাল থেকেই পরাণপুর মাঠপাড়ায় জমিতে ধানের চারা রোপণ করছিলেন। সকাল নয়টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে আবু সায়ীদের শরীরের ডান পাশ ঝলসে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।