বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া বাবা ও ছেলে হলেন উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের ভানু মিয়া (৩৬) ও তাঁর ছেলে সুমন মিয়া (১৩)। এ নিয়ে গত ১০ দিনে সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভানু মিয়া তাঁর ছেলেকে নিয়ে আজ সকালে গ্রামের পাশের পাগনার হাওরে মাছ ধরতে যান। তাঁরা একটি ছোট নৌকায় ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। সকাল সাতটার দিকে আকস্মিক বজ্রপাতে দুজনই নৌকা থেকে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। পরে হাওরে থাকা অন্য জেলেরা তাঁদের উদ্ধার করে পুলিশে খবর দেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০ জুলাই জেলার জামালগঞ্জ উপজেলায় স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সাবিদুর রহমান (৪৫) ও তাঁর ছেলে অন্তর (৬) মারা যান। ১৩ জুলাই তাহিরপুর উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হারিদুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে তারা (১৩) মারা যান।