বজ্রপাতে বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু
বাগেরহাটে গত সোমবার রাতে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া মহেশখালী, মঠবাড়িয়া ও ইটনায় গত দুই দিনে মারা গেছেন চার কৃষক। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: সোমবার রাত আটটার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের ইলিয়াস শেখ (৩২) ও তাঁর ছেলে ইয়াছিন শেখ (৫) মারা যান। ইলিয়াস ছেলেকে কোলে নিয়ে ঘরে বসেছিলেন। মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পূর্ব রাজপাড়া গ্রামে সোমবার রাত নয়টার দিকে বজ্রপাতে কৃষক বেল্লাল হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। এ সময় তিনি বাড়ির সামনে মাছ ধরছিলেন। তাড়াইল (কিশোরগঞ্জ): ইটনা উপজেলার রায়টুটি গ্রামের রিয়াজুল ইসলাম (২৬) গতকাল মঙ্গলবার সকালে বাড়ির অদূরে তলারহাওরে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। মহেশখালী (কক্সবাজার): সোমবার বিকেল ছয়টার দিকে বজ্রপাতে মোহামঞ্চদ ওচমান গণি ওরফে বাবুল (৩৫) ও আজিজুল হক (৩০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ধলঘাটার ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, সোমবার বিকেল ছয়টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে লবণ মাঠের কাজ সেরে আজিজ নিজ বাড়ি ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল এলাকায় ফিরছিলেন। পথে মুহুরিঘোনা এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময়ে মোহামঞ্চদ ওচমান গণি মাটির কাজ শেষ করে সাপমারার ডেইল এলাকার নিজ বাড়িতে ফেরার পথে বেগুনবুনিয়া এলাকায় বজ্রপাতে মারা যান। চারটি গরুর মৃত্যুআমাদের আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান,উপজেলার নীলগঞ্জ ও ছোনাউটা গ্রামে সোমবার সন্ধ্যায় বজ্রপাতে চারটি গরু মারা গেছে। আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার মৃধা জানান, সোমবার বিকেল থেকে শুরু হওয়া ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাত চলাকালে সন্ধ্যায় মাঠে বাঁধা অবস্থায় নীলগঞ্জ গ্রামের হাফেজ ফকির শাহীন ফকির ও নিজাম ফকিরের তিনটি গরু বজ্রপাতে মারা যায়। একই সময়ে ছোনাউটা গ্রামের সোবহান হাওলাদারের একটি গাভিও বজ্রপাতে মারা গেছে।