বজ্রপাতে ভাইবোনসহ চারজনের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সকালে বজ্রপাতে দুই সহোদরসহ চারজন নিহত ও একজন আহত হয়েছে। উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে গতকাল সকাল পৌনে সাতটার দিকে বজ্রপাতে আমজাদ হোসেনের এক ছেলে আতিকুর রহমান (৩৫) ও মেয়ে আকিয়া খাতুন (২৩) মারা যান। বজ্রপাতের সময় একজন গোয়ালঘরে ও অন্যজন ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। অপরদিকে বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পূর্ব ভোটারপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে নাইমুল ইসলাম (৮) বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। একই ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের মনজের আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৪০) ভোটারপাড়ায় তাঁর জামাইবাড়িতে বজ্রপাতে মারা যান। এ ছাড়া বিনোদনগর ইউনিয়নের হাফিজুল ইসলামের ছেলে জাহিদ হাসান (১০) বজ্রপাতে আহত হয়েছে। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।