বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের কাঁছিয়াপুকুরিয়া গ্রামের যোগিবাড়ির বাসিন্দা ফয়জুন্নেছা (৬০) ও তাঁর ছেলে মো. মহসিন (৪০) বজ্রপাতে মারা গেছেন। এ সময় বজ্রপাতে মহসিনের ছেলে রবিউল আলম (১০) আহত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। কাঁছিয়াপুকুরিয়া গ্রামের স্কুলশিক্ষক এমরান হোসেন জানান, গতকাল ওই গ্রামের প্রয়াত আবদুল মালেকের স্ত্রী ফয়জুন্নেছা ও তাঁর ছেলে এবং নাতি বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মা ও ছেলের মৃত্যু হয়। আহত হয় রবিউল। তার অবস্থা আশঙ্কাজনক। বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৫ বছর আগে মহসিনের বাবাও বজ্রপাতে মারা যান।