বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে আজ সোমবার সকালে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া গ্রামের পারভিন বেগম (২২), তাঁর ছেলে আরমান (২) ও দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নাজমা বেগম (৩০)।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আবছার খান জানান, আজ সকালে পারভিন বেগম তাঁর বাড়ির আঙিনায় ছেলে আরমানকে নিয়ে কাজ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, একই সময় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে নাজমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।