বজ্রপাতে মা-ছেলেসহ ১৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে ১২ জেলায় গতকাল মঙ্গলবার ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরে মা-ছেলে এবং ময়মনসিংহের ধোবাউড়ায় মারা গেছেন দুই সহোদর।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
চাঁদপুর সদরে সেলিনা বেগম (৪০) ও তাঁর ছেলে ইয়াসিন সরদার (১৫) নিহত হয়েছে। দুপুরে উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে বৃষ্টির মধ্যে ছেলে ইয়াসিনকে নিয়ে বাড়ির পুকুরে হাত-মুখ ধুয়ে ঘরে ফেরার সময় বজ্রপাতে আহত হন তাঁরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
ময়মনসিংহ শহরে এক স্কুলছাত্র এবং ধোবাউড়া উপজেলায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। স্কুলছাত্রের নাম মাহমুদুল হাসান খান (১৪)। সে ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুরে স্কুল মাঠে বৃষ্টিতে ফুটবল খেলার সময় বজ্রপাতে সে আহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধোবাউড়ায় ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারানো দুই ভাই হলেন এমদাদ মিয়া (৪০) ও আসাদ মিয়া (৪৫)। তাঁদের বাড়ি রাউতি গ্রামে।
চুয়াডাঙ্গার দামুড়হুদার কানাইডাঙ্গায় স্কুলছাত্র আবদুল মালেক (৭) ঝড়বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে এবং পাশের কুতুবপুর গ্রামের সরদারপাড়ার আবদুস সামাদ (২৫) ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপ্তারায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে জামিল মিয়া (৪৫) এবং একই সময় মাহমুদপুর ইউনিয়নে জমি থেকে ধান কেটে আনার সময় সুবেদা বেগম (৩৫) মারা যান।
সুনামগঞ্জের সদর উপজেলার ভৈষারপাড় গ্রামে দুপুরে বজ্রপাতে সাইফুল ইসলাম (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র মারা গেছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার এক হাওরে দুপুরে বজ্রপাতে বাছিত মিয়া (২৯) নামের এক যুবক নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পাইকারচর এলাকায় দুপুরে বজ্রপাতে ট্রাক্টরচালক মো. আশাবুদ্দিন (৩৫) মারা যান।
ঝিনাইদহে বিকেলে বজ্রপাতে নারীসহ তিনজন মারা যান। তাঁরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মিরাজুল ইসলাম মণ্ডল (৩৫), পার্বতীপুর গ্রামের আমান উল্লাহ (৪৭) এবং কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গার আঞ্জুয়ারা খাতুন (৪৫)।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের পিয়ারগাঁও গ্রামে দুপুরে রিকশাভ্যানচালক নব চন্দ্র (৩২) এবং মাদারীপুরে ইটভাটা শ্রমিক জসিম ব্যাপারী (৩০) বজ্রপাতে মারা গেছেন।
নড়াইল সদর উপজেলার পাইকমারি গ্রামে বিকেলে বজ্রপাতে জুলফিকার আলী (৩৫) নামের এক কৃষক নিহত হন।
গোপালগঞ্জ সদরের নিজড়া গ্রামে বজ্রপাতে মারা গেছেন শামিম খন্দকার (২৭)। বিকেলে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে তিনি আহত হন। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।