বজ্রপাতে মাগুরায় দম্পতি ভোলায় বাবা-ছেলের মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বজ্রপাতে এক দম্পতি মারা গেছেন ও তাঁদের দুই সন্তান আহত হয়েছে। গত বুধবার ভোলার চরফ্যাশনে ধান কাটার সময় বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন এবং আরও চারজন আহত হয়েছে।বজ্রপাতে মহম্মদপুরে মারা গেছেন ভাসান সর্দার (৪২) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। তাঁদের আহত দুই সন্তানের নাম মমতাজ (১৪) ও মুসা (৪)। চরফ্যাশনে মারা গেছেন খোরশেদ আলম (৬০) ও তাঁর ছেলে চান মিয়া (২০)। তাঁরা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন খুরশেদ আলমের ছেলে রাজন আলী (৪০), শাজাহান আলী (৩৫) এবং আব্দুল্লাহপুর গ্রামের কমলা (১১) ও আরজু (১৫)। মাগুরার মহম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ঝড় চলাকালে ভাসান সর্দার, রোকেয়া, মুসা ও মমতাজ ঘরের বারান্দায় বসেছিলেন। এ সময় ওই স্থানে বজ্রপাত হলে ভাসান ও রোকেয়া মারা যান এবং মুসা ও মমতাজ আহত হয়। মুসাকে ঘটনার পরই আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন উপজেলার আবদুুল্লাহপুর গ্রামের পশ্চিমের বিলে বুধবার বিকেলে খোরশেদ আলম তাঁর তিন ছেলে এবং কমলা ও আরজুকে নিয়ে ঝড়ের মধ্যে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে খোরশেদ আলম ও তাঁর ছেলে চান মিয়া (২০) ঘটনাস্থলে মারা যান এবং রাজন আলী, শাজাহান আলী, কমলা ও আরজু আহত হয়।