বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আগের দিন বৃহস্পতিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
পীরগঞ্জে বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন রুখিনা মুর্মু (৬০) ও তাঁর মেয়ে সেলিনা টুডু (২০)। তাঁদের বাড়ি উপজেলার মদনখালী ইউনিয়নের কোচারপাড়া গ্রামে।
নিহত ব্যক্তিদের স্বজনের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম বলেন, গতকাল সকালে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এদিকে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নওদা শালুয়া গ্রামে নিজ বাড়িতে সিরাজুল ইসলামের মেয়ে সনি খাতুন বজ্রপাতে গুরুতর আহত হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সনি কৃষ্ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।