বজ্রপাতে মৃত্যু কমাতে ১০ লাখ তালগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে মানুষের মৃত্যু কমানোর জন্য দেশব্যাপী ১০ লাখ তালগাছ লাগানো হচ্ছে। কর্মকর্তাদের ভাষায়, বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর স্থানীয় প্রযুক্তি।
কয়েক বছর ধরে বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর দেশে বজ্রপাতে প্রায় ২০০ মানুষ মারা যায়। বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে হাওর অঞ্চলের নয়টি জেলায়। বজ্রপাতে প্রচুর গবাদিপশুরও মৃত্যু হয়েছে।
হাওর জেলা সুনামগঞ্জের সরস্বতীপুর গ্রামের কৃষক এনামুল বলেন, ২০১১ সালে সেখানে একটি মসজিদে বজ্রপাতে একসঙ্গে ১৩ জন মারা যান। সেই থেকে গ্রামটিতে বজ্রপাত নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
বজ্রপাতে মানুষ ও গবাদিপশুর মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বজ্রপাতের ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার প্রশ্নে সরকারের ওপরও তাগিদ বাড়ছিল।
সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছে। আর তাতে মূল পদক্ষেপ হিসেবে দেশের ৬৪টি জেলায় তালগাছ লাগানো হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলছিলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে উঁচু গাছ হিসেবে তালগাছকে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, থাইল্যান্ডে তালগাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সেখানকার বিশেষজ্ঞের পরামর্শও বাংলাদেশ নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আসাদুল হক মনে করেন, বজ্রপাত যেহেতু উঁচু জায়গায় আঘাত করে, সে হিসেবে তালগাছ মৃত্যু কমাতে সহায়ক হবে। কিন্তু বজ্রপাতের আঘাত পাওয়া গাছটি নষ্ট হয়ে যাবে। সেখানে হাওর এলাকায় টাওয়ার নির্মাণ করা হলে স্থায়ী ব্যবস্থা হতো বলে তিনি মনে করেন।