বজ্রপাতে শিশু ও হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণ আর বজ্রপাতে এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বজ্রপাত ও গত শুক্রবার সকালে হাতির আক্রমণের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে দোছড়ি ইউনিয়নের গুরন্যাকাটা এলাকায় খামার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মদ হোসেন (৫৮) বুনো হাতির মুখে পড়েন। গুরন্যাকাটা এলাকার ইনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদ বলেন, মোহাম্মদ হোসেন হাতির উৎপাত থেকে খেতের ফসল পাহারা দেওয়ার জন্য সারা রাত খামারের উঁচু টংঘরে ছিলেন। সেখান থেকে সকালে বাড়ি ফেরার সময় আক্রমণের শিকার হন।
গুরন্যাকাটার লোকজন বলেন, হাতি শুঁড়ে পেঁচিয়ে মোহাম্মদ হোসেনের হাত-পা ভেঙে ফেলে। পরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারীতে কাকলী আক্তার (১০) নামের এক শিশুর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা একটার দিকে পাড়ার তিন শিশু পুকুরে গোসল করতে যায়। তখন বৃষ্টিপাত হওয়ার একপর্যায়ে আকস্মিকভাবে পুকুরে বাজ পড়ে। বজ্রপাতের আগুনে কালু মিয়ার মেয়ে কাকলীর শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।