বজ্রপাতে সাতক্ষীরা ও কক্সবাজারে পাঁচজনের মৃত্যু
সাতক্ষীরা ও কক্সবাজারে গতকাল মঙ্গলবার বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের আমানত গাজীর ছেলে নাছিরউদ্দিন গাজী (২৮), একই উপজেলার কাকবশিয়া গ্রামের নাজান আলী মোড়লের ছেলে মনসুর মোড়ল (৫০) ও কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের আজিবর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৪) গতকাল রাত আটটার দিকে বজ্রপাতে মারা যান। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নুরার পাড়ার বৃদ্ধা শামসুন নাহার (৬০) সকাল আটটার দিকে ঘরের বারান্দায় জানালার পাশে বসা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। ওই ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামে বিকেল তিনটার দিকে কৃষক জামাল উদ্দিন (৪৫) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।