বজ্রপাতে সাতজন ও গাছচাপায় ১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে সাতজন ও গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে।গতকাল বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে জেলার সদর, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান জানান, ঝড়-বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান উপজেলার দামইল গ্রামের আবদুল খালেক (৪২)। এ সময় তাঁর ছেলে হোসেন আলী (২০) আহত হন। প্রায় একই সময়ে নওদা মিশন গ্রামের অধর আলীর বাড়িতে বজ্রপাত হলে ঘরে শুয়ে থাকা তাঁর মেয়ে শেফালী (১১) মারা যায়। এ ছাড়া রাধানগর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের হীরালাল সরদারের ছেলে অসীম সরদার (৮) আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়। অন্য দিকে বাঙ্গাবাড়ী-ব্যাংকবাড়ি গ্রামের মেরিনা খাতুন ঝড়ে ভেঙে পড়া গাছচাপায় মারা যান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝড়ের সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মজিবুর রহমান (৩৫), নয়ালাভাঙ্গার ঢোড়বোনা গ্রামের রিপন (১২), সদর উপজেলার মালডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন ও বাখর আলী রোডপাড়া এলাকার সুফিয়া খাতুন (১৫) বজ্রপাতে মারা যায়।