বজ্রপাতে সাতজনের মৃত্যু
দেশের চারটি জেলায় বজ্রপাতে সাতজন মারা গেছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা গ্রামে গতকাল বিকেলে বজ্রপাতে মাদ্রাসাছাত্র মাহামুদুল হাসান (১৪) মারা গেছে। এ ঘটনায় নাজমুল হাসান (২৩) নামের এক ছাত্র আহত হয়। মাহামুদুল ছারছিনা আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাংপুরা গ্রামে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে তিনটার দিকে মাহামুদুল ও নাজমুল ছাত্রাবাসে যাচ্ছিল। হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় বাজ পড়লেমাহামুদুল ও নাজমুল আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মাহামুদুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের পিরারচর গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ফেরদৌসী খাতুন (৪৫) বুধবার রাতে বজ্রপাতে মারা গেছেন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রাতে ঝড়-বৃষ্টির সময় ফেরদৌসী খাতুন গরু বাঁধার জন্য গোয়ালঘরে যান। এ সময় বাজ পড়ে তাঁর শরীর ঝলসে যায়।
বরিশালের বজ্রপাতে গত দুই দিনে চারজন মারা গেছেন। মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর বাজার-সংলগ্ন কালাবদর নদীতে গতকাল দুপুরে মাছ ধরার সময় বজ্রপাতে ইউসুফ খান (২৬) ও মারজান আকন (২৫) মারা যান। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। এ সময় গুরুতর আহত হয় ইব্রাহিম (২৭), নিজাম (২৪) ও মিন্টু (১৬)। এই তিনজন মারজানের আপন ভাই। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদ বেপারী বলেন, ইউসুফ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া গ্রামের ইমাম খানের ছেলে। আর মারজান ও আহত তিনজন একই গ্রামের বাদল আকনের ছেলে।
অপর ঘটনায় বুধবার রাতে জেলার হিজলা উপজেলায় বজ্রপাতে বড়জালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইদ্রিস বেপারী (৪৫) ও ইটভাটার শ্রমিক আমিনুর রহমান (৪০) মারা যান। আমিনুরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, ইদ্রিস বেপারী নিজের ট্রলারে ইটবোঝাই করে বুধবার সকালে শরীয়তপুরে যান। সেখান থেকে বিকেলে হিজলার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি ও আমিনুর মারা যান। আমিনুর উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায় কাজ করতেন।
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর আগপাড়া গ্রামে বজ্রপাতে ইকবাল হাসান (১১) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে ফতেপুর আগপাড়া গ্রামের রহিছ খানের ছেলে ও ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ইকবাল বাড়ির সামনে কাঁচা আম কুড়াতে যায়। তখন বজ্রপাত হলে সে ঘটনাস্থলে মারা যায়।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, বরিশাল; পিরোজপুর, সিরাজগঞ্জ ও নেত্রকোনা প্রতিনিধি}