বজ্রপাতে নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে আজ শনিবার খাগড়াছড়ি ও নওগাঁয় তিনজন করে ছয়জন, নাটোরে দুজন এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, বেলা দেড়টার দিকে কাঁচা ঘরে মা নেও¤ম্রাসাং মারমা (৪৫) ও তাঁর ছেলে থোয়াইপ্রু মারমা (২০) দুপুরে ভাত খাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনই মারা যান। তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছয় হাজার এবং ইউপির পক্ষ থেকে দুই হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।

এ ছাড়া দুপুরে সদর উপজেলার বটতলী এলাকার সানু মারমা (২২) বজ্রপাতে নিহত হন। খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁ সদর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা আড়াইটার দিকে বৃষ্টির মধ্যে খেতে ধান কাটছিলেন সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৫৫)। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই উপজেলার সরিজপুর গ্রামের রফিকুল ইসলাম (২৯) বৃষ্টির সময় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তিনি নিহত হন। রফিকুল সরিজপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সদর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপুরে বৃষ্টির সময় স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন বিরমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮)। এ সময় বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। আরাফাত উপজেলার রাইগা ইউনিয়নের বিরমগ্রামের আসাদুল ইসলামের ছেলে।

নাটোরের সিংড়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাজশাহীর বাঘা থেকে সিংড়ার দর্শনগ্রামের নিখিলের বাড়িতে চুক্তিতে ধান কাটতে আসেন আফতাব হোসেনের ছেলে মিলন ও হাসেম আলীর ছেলে রতনসহ একদল শ্রমিক। শনিবার সন্ধ্যায় বিলে ধান কাটা শেষে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে মিলন ও রতন ঘটনাস্থলেই মারা যান।

নাসিরনগর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে বৃষ্টির সময় উপজেলার হরিপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের পল্লিচিকিৎসক জালাল মিয়া (৪৫) তাঁর হালের দুটি গরু নিয়ে বাড়ির পাশের জমিতে হাল চাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়। এতে তাঁর গরু দুটিও মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী। নাসিরনগর থানার ওসি আবু জাফর বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।