বজ্রপাতে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের খোয়ার ডারা গ্রামে গতকাল সোমবার সকালে বজ্রপাতে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই দিনে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে দুই নারী মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রামখানা এলাকায় বৃষ্টি শুরু হলে মাঠে ধান কাটা শ্রমিকেরা পার্শ্ববর্তী বদিয়ার রহমানের বাড়িতে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর ওই বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বদিয়ার রহমানের দুটি টিনের ঘরে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা বদিয়ার রহমানের স্ত্রী হাজেরা বেগম (৩৭), ছেলে মেহেদি হাসান (৫) ও ওই বাড়িতে আশ্রয় নেওয়া কৃষিশ্রমিক মকবুল (৩৬), হাফিজুর (৩০) ও আমজাদ (৪০) মারা যান। আহত হন মনছুর আলী ও রব্বানী নামের অপর দুই শ্রমিক। একই দিন সকাল থেকে লালমনিরহাটের আদিতমারীতে বৃষ্টিপাতের সঙ্গে থেমে থেমে বজ্রপাত হচ্ছিল। এ অবস্থায় নিকটবর্তী একটি মন্দির থেকে বাড়িতে ফেরার পথে মরিচাবাড়ী গ্রামের নারায়ণ চন্দ্রের স্ত্রী নমিতা রানী (২৭) ও নিজ বাড়ির দরজায় দাঁড়ানো অবস্থায় পূর্ব ভেলাবাড়ী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আমিনা বেগম (২৫) মারা যান।