বজ্রপাতে সুনামগঞ্জে ৫ ও নেত্রকোনায় মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত। ছবি: এএফপি
বজ্রপাত। ছবি: এএফপি

বজ্রপাতে প্রাণহানি কমছে না। আজ মঙ্গলবার বজ্রপাতে সুনামগঞ্জে পাঁচজন ও নেত্রকোনায় একজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে আজ বজ্রপাতে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। এর মধ্যে জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় দুজন, দোয়ারাবাজার, তাহিরপুর ও দিরাই উপজেলায় একজন করে মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন মুসলিম উদ্দিন (৭৫), শাহারা বানু (৬০), সুরমা আক্তার (২২), নূর হোসেন (২৮), ফেরদৌস আলম (১২)। আজ ভোর থেকে বেলা দেড়টার মধ্যে বজ্রপাতে এই প্রাণহাণির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সুনামগঞ্জে সকাল থেকেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। সকাল ছয়টার দিকে দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মুসলিম উদ্দিন গ্রামের পাশে হাওরের ধানমাড়াইয়ের জায়গায় ছেলে ও জামাইকে নিয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে মুসলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন তাঁর ছেলে আবু সালেহ (২৫) ও জামাই সমরুজ মিয়া (৪৫)। আহত দুজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেলা ১১টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামের শাহারা বানু গরু আনতে মাঠে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময় উপজেলা ফতেপুর ইউনিয়নের খিদ্দরপুর গ্রামের আবদুর রহমানে মেয়ে সুরমা আক্তার বাড়ির পাশে মরিচখেতে কাজে গিয়েছিলেন। তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন গ্রামের আবুল ফজলের মেয়ে লিলি আক্তার (৬)। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণজিৎ চৌধুরী জানিয়েছেন।

সকালে তাহিরপুর উপজেলার শনির হাওরে ধান কাটছিলেন সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক নূর হোসেন। তিনি বজ্রপাতের ঘটনাস্থলেই প্রাণ হারান। একই সময়ে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুম্বন গ্রামের ফেরদৌস আলম গ্রামের পাশের হাওরে মাছ ধরছিলেন। বজ্রপাতে ফেরদৌস গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি ডুম্বন গ্রামের মখলিছ আলীর ছেলে।

এ ছাড়া গতকাল মঙ্গলবার বজ্রপাতের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে হাওরে ধান কাটার সময় গতকাল মঙ্গলবার আহত হয়েছেন উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামের তৈয়বুর রহমান (১৫), আবদুর রহমান (১৬), সাহেব নবী হোসেন (২৩)। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে টিকিৎসা দেওয়া হয়েছে। একইভাবে বজ্রপাতের আহত জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহীন মিয়াকে (১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ গতকাল বজ্রপাতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘বজ্রপাতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তবে সংখ্যাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

সুনামগঞ্জে এ নিয়ে গত ১০ দিন বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ মধ্যে ১০ জনই কৃষক। সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। এই কৃষকেরা হাওরে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ছিলেন।

সুনামগঞ্জে বছরের মার্চ থেকে এপ্রিল—এই তিন মাস বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গত বছর এ তথ্য উঠে এসেছে। এ সময় হাওরে বোরো ধান তুলতে ব্যস্ত থাকেন কৃষকেরা। তাই প্রাণহানির ঘটনা ঘটে বেশি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, তাঁরা বজ্রপাতে প্রাণহানি যাতে না ঘটে, এ জন্য মাইকিং করে হাওর এলাকার মানুষজনকে সচেতন করছেন। একই সঙ্গে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক জানিয়েছেন, বজ্রপাতে মৃত প্রত্যেক ব্যক্তির পরিবারকে সরকারিভাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। আহত ব্যক্তিদের কোনো সহায়তা দেওয়া হয় না।

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়নের বারহারা হাওরে আজ সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। তাঁর নাম ইসলাম উদ্দিন (৫৫)। তিনি ওই গাজীপুরের মসজিদপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ইসলাম উদ্দিন গ্রামের পেছনের বারহারা হাওরের নিজ জমিতে ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। তিনি ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।