বজ্রপাতে স্কুল ছাত্র নিহত, তরুণ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বজ্রপাতে শরীফ মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বাবু মিয়া (২২) নামের এক তরুণ আহত হন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। সে ধরমপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ইদু মিয়ার ছেলে।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, আজ সকালে নোয়াবন্দ গ্রামের সামনে নোয়াবন্দ হাওরে ঠেলাজালি দিয়ে শরীফ মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে শরীফ অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে নিজের ঘরে থাকা অবস্থায় নোয়াবন্দ গ্রামের নূরুল ইসলামের ছেলে গ্রামের বাবু আহত হন। তিনি এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।