বজ্রপাতে হাসপাতালে রোগীর স্বজনসহ দুজনের মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বজ্রপাতে রোগীর স্বজন দুই ব্যক্তি মারা গেছেন।
গতকাল রোববার সকাল সাড়ে আটটায় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। নিহত দুজনের মধ্যে একজনের নাম আবদুল মুকিত (৪০)। তিনি হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজন। তাঁর সঙ্গে নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের জরুরি বিভাগের পাশে দাঁড়িয়ে ওই দুই ব্যক্তি গল্প করছিলেন।
এ সময় বজ্রপাতে দুজন মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই ইব্রাহিম আলী বলেন, বজ্রপাতে নিহত হওয়ার খবর শুনে হাসপাতালসহ আশপাশ এলাকার মানুষ ভিড় করেন। নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুকিতের বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে বলে জানা গেছে।
হাসপাতালের উপপরিচালক আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, ওই দুজন হাসপাতালের জরুরি বিভাগের পাশে অবস্থান করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়েছে। নিহত মুকিতের এক ছেলে হাসপাতালের পঞ্চম তলায় ভর্তি রয়েছে। তার সঙ্গে তিনিও হাসপাতালে অবস্থান করছিলেন।