বজ্রপাতে ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে গতকাল রোববার কালবৈশাখী ও বৃষ্টিপাতের সময়ে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জেই মারা গেছেন পাঁচজন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:হবিগঞ্জ: হবিগঞ্জে মৃত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের মন্টু রবি দাশ (৪০), বাহুবল উপজেলার বুড়িনাও গ্রামের রাসেল আহমেদ (২০), একই উপজেলার স্নানঘাট গ্রামের মাফিয়া খাতুন (১৭), নিজাম উদ্দিন (১৮), সদর উপজেলার বড় বহুলা গ্রামের মহিমা খাতুন (৩২)। তাঁরা সবাই এ সময় কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় আহত নার্গিস আক্তারকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে, ফয়ছল আহমেদকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সুনামগঞ্জ: জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে স্কুলশিক্ষক রামানন্দ তালুকদারের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ও রাজাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ময়মনসিংহ: হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আজকিপাড়া গ্রামে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে ওই গ্রামের শাহজালালের দুই ছেলে মনির হোসেন (১৬) ও সাকিব মিয়া (১১) তাদের গরু দুটিকে নিয়ে গোয়ালঘরে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাত ওই গোয়াল ঘরের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই মনির, সাকিব ও গরু দুটি মারা যায়। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার পার্শ্ববর্তী মেঘনা নদীতে মাছ ধরার সময় গতকাল বজ্রপাতে হাসন আলী (৪০) নামের এক জেলে মারা গেছেন। উপজেলার তাতুয়াকান্দিতে মারা গেছেন রফিক (২০) নামের আরেকজন।কমলগঞ্জ (মৌলভীবাজার): প্রচণ্ড ঝড়ের মধ্যে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর হাওরে ধান কাটার সময় গতকাল বেলা সাড়ে ১১টায় বজ্রপাতে দাদু লাল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কমলগঞ্জের পাত্রখলা চা-বাগানের নতুন লাইন এলাকায়। অপরদিকে একই সময় আদমপুর ইউনিয়নের কলনী গ্রামের দুদু মিয়া (২৮) তাঁর মোষসহ বজ্রপাতে মারা যান।