বজ্রপাতে ১২টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে ১২টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়। রাত দেড়টার দিকে বিকট শব্দে বজ্রপাতে উপজেলা সদরের থানা রোডের টিনশেডের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বিকট শব্দে কয়েকটি বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে দোকানগুলো জ্বলতে দেখা যায়। এতে স্বর্ণ, লেপ-তোশক, মুদি, প্লাস্টিক, কাপড়ের দোকান, গ্রন্থাগারসহ মোট ১২টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত স্বর্ণের ব্যবসায়ী সুমন চন্দ্র দেবনাথ জানান, আগুনে তাঁদের কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ আগুনে তাঁরা নিঃস্ব হয়ে গেছেন। ব্যবসায়ীরা জানান, বজ্রপাতের সময় বিদ্যুৎ ছিল না। করিমগঞ্জ থানার ওসি শওকত জাহান জানান, বজ্রপাতে আগুনে দোকানপাট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বজ্রপাত থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।