বজ্রপাতে ১৪ জেলায় নিহত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে গতকাল সোমবার ঝড়ের সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। হয়েছে বৃষ্টিও। ঝড়ের সময় এসব জেলায় বজ্রপাতে কলেজছাত্রী, মাদ্রাসাছাত্রসহ ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই নয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: পৌর এলাকার দুর্গাপুর মহল্লার তরিকুল ইসলামের ছেলে ওসমান আলী (১৪) গতকাল বজ্রপাতে নিহত হয়। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। একই দিনে শিবগঞ্জের চৈতন্যপুর গ্রামের আবদুল মান্নান (৪০), হরিপুর গ্রামের মানিক আলী (৫০), ডুবলীভান্ডার গ্রামের সেতাউর রহমান (২৮), জগন্নাথপুর গ্রামের আবদুর রাজ্জাক (১৮), নামো জগন্নাথপুর গ্রামের কাইয়ুম (৩৫), নাচোল উপজেলার সালালপুর গ্রামের বাইরুল (৩৫), গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের রিপন ওঁরাও (১২) ও রেজাউল ইসলাম (২২) নিহত হন।কুড়িগ্রাম ও উলিপুর: সদর উপজেলার ভৈশেরকুটি গ্রামের আকবর আলী (৪২) গতকাল হাঁস-মুরগি ঘরে নেওয়ার সময় বজ্রপাতে নিহত হন। উলিপুরের গুনাইগাছ গ্রামের আ. ছাত্তারের মেয়ে ছালমা আকতার (২২) আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। এ সময় একই গ্রামের সরিষা বেগম (৩৪) ও আনোয়ারা বেগম (২৫) আহত হন। ছালমা কুড়িগ্রাম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।নাটোর: সদর উপজেলার দক্ষিণপুর গ্রামের মানিক হোসেন (৩৮) বজ্রপাতে নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী শেফালী বেগম আহত হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন সিংড়া উপজেলার শেরকোল গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা বেগম (২৮) নিহত হন। রাজশাহী ও বাগমারা: বজ্রপাতে পুঠিয়া উপজেলার চক দোমাদি গ্রামের লাল্টু হোসেন (২৫) এবং শিবপুরহাট গ্রামের শাহ জামালের ছেলে সাগর আলী (১২) নিহত হয়। এ সময় আতিকুর রহমান (১৪) নামে এক কিশোর আহত হয়। বাগমারা উপজেলার চাঁইপাড়া গ্রামের মন্টু (১৪), ভরট্ট গ্রামের সাইদুর রহমান (৪০) ও কোটালীপাড়ার আবদুল হান্নান (২৭) বজ্রপাতে নিহত হন। এ সময় আরও ১০ জন আহত হয়।গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামে বজ্রপাতে আতাউল (৬) নামে এক শিশু নিহত হয়। সে ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে।নওগাঁ: রানীনগর উপজেলার সর্বরামপুর গ্রামে বজ্রপাতে শামীম (৩০) নামে এক দিনমজুর নিহত হন। তিনি লালপুর উপজেলার নুরা প্রামাণিকের ছেলে।আক্কেলপুর (জয়পুরহাট): সকালে বজ্রপাতে উপজেলার পশ্চিম আবাদপুর গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী জুলেখা খাতুন (২৬) নিহত হন। মাঠে গরু রেখে বাড়ি ফেরার পথে তিনি মারা যান।পাবনা: ফরিদপুর উপজেলার পাঁচপুঙ্গুলি গ্রামে বজ্রপাতে দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন খাইরুল ইসলাম (২৫) ও মো. বাবু শেখ (১৮)। আহত ব্যক্তিদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গোপালগঞ্জ: সদর উপজেলার গোপীনাথপুরে বজ্রপাতে নুরুল ইসলাম (৩২) নামে এক কৃষক নিহত হন। এ সময় কাজী মাহাতাব আলী (২৬), শরিফুল ইসলাম (৪৫) ও গৌরশ শরিফ (৩০) আহত হন। নোয়াখালী: সুবর্ণচরের নওয়াপাড়া গ্রামে গতকাল একটি বাদামখেতে বজ্রপাতে ফারহানা আক্তার (১০) ও সাবানা আকতার (১২) নামে দুই শিশু নিহত হয়েছে। এ সময় শাবানার দুই ভাই মো. সোহেল (১৫) ও ফখরুল ইসলাম (২২) আহত হন। শাবানা একই গ্রামের ছানাউল্লা এবং ফারহানা আবুল কাশেমের মেয়ে। এর আগে গত রোববার মধ্যম চরবাটা গ্রামে বজ্রপাতে আসাদুল হক (৬২) নামে এক বৃদ্ধ নিহত হন।ভোলা: মনপুরা উপজেলার কুলগাজী গ্রামের বাসিন্দা স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বজ্রপাতে নিহত হন। এ সময় আরও ১৫ জন আহত হয়।ডুমুরিয়া (খুলনা): উপজেলার টিয়াবুনিয়া চিংড়িঘেরের বাসায় বজ্রপাতে আলাউদ্দিন মোড়ল (৬৫) নিহত হন। তিনি ওই ঘেরের মালিক। তাঁর বাড়ি উপজেলার কোমলপুর গ্রামে। চাঁদপুর: হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের শাহ আলম (৩৫) গতকাল ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই দিন মাঠে খেলা করার সময় দোয়াগণ্ডা গ্রামের মামুন নিহত হয়।চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলার ধনিজকরা গ্রামের ভুলু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম গতকাল দুপুরে বজ্রপাতে নিহত হন। বজ্রপাতে পৌর এলাকার গোমারবাড়ী গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হালেমা বেগম (৩০) ও বাতিসা ইউনিয়নের ইব্রাহিম মজুমদারের মেয়ে আকলিমা আক্তার (২১) আহত হন।