বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ ও নীলফামারীর ডোমারে গতকাল শুক্রবার বজ্রপাতে দুজন মারা গেছেন। তাঁরা হলেন ওয়াসিদ মিয়া (২৫) ও আরিফ হোসেন (৪৫)।
কমলগঞ্জের পদ্মছড়া চা-বাগান ফুটবল মাঠ এলাকায় গতকাল বিকেলে বজ্রপাতে মারা যান দিনমজুর ওয়াসিদ মিয়া। তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে।
গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটা থেকে কমলগঞ্জে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ওয়াসিদ মিয়া গুরুতর আহত হন। দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দেবজ্যোতি সিনহা বজ্রপাতে ওয়াসিদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সকালে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি গ্রামে বজ্রপাতে আরিফ হোসেন নামে এক কৃষক মারা যান। এ সময় তাঁর পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হন। আরিফ হোসেন ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী বলেন, সকালে বৃষ্টি শুরুর সঙ্গে বজ্রপাতে ওই গ্রামের কৃষক আরিফ হোসেন নিহত হন। আহত হন আরিফ হোসেনের স্ত্রী শিউলি বেগম (৩২), মেয়ে আইরিন আক্তার (১২), ছেলে আবদুস সালাম (৯) ও প্রতিবেশী ইউনুস আলীর মেয়ে রিতা বেগম (৩০)। বৃষ্টির সময় তাঁরা একই ঘরে অবস্থান করছিলেন।