বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তিনটি গ্রামে সোমবার বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দার রংছাতি ইউনিয়নের হাসনোয়া গাঁও গ্রামে গতকাল বেলা ১টা ৫৫ মিনিটের দিকে কালা মিয়ার ঘরের ওপর আকস্মিক বজ্রপাত হলে তাঁর মেয়ে ঝুমা আক্তার (১১) এবং একই বাড়ির ইব্রাহিম মিয়ার মেয়ে মর্জিনা আক্তার (৯) ঘটনাস্থলে মারা যায়। তা ছাড়া এ সময় ওই ঘরে থাকা দুই শিশুসহ আরও চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা হলেন মানিক মিয়ার স্ত্রী কল্পনা আক্তার (৩০), কালা মিয়ার স্ত্রী হাফিজা (৩৮) এবং কালা মিয়ার অপর দুই মেয়ে সোমা আক্তার (১৩) ও রোকসানা (৪)। তাঁদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে একই সময়ে খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে শরাফত আলী (৩৪) নামে আরও এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি গোবিন্দপুর গ্রামে। একই সময়ে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বন্যা (১৮) আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রংছাতি ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বলেন, কালা মিয়ার টিনের ঘরে বজ্রপাতে তার মেয়ে ঝুমা আক্তার ও উঠানে থাকা ইব্রাহিম মিয়ার মেয়ে মর্জিনা ঘটনাস্থলে মারা যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।