বজ্রপাতে ৭ জেলায় ৮ জনের মৃত্যু
বজ্রপাতের দেশের সাত জেলায় আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেলা দুইটার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ ও মেহেরপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবারসহ গত ১১ দিনে বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর সংখ্যা দাঁড়াল অন্তত ১২০ জনে। এর মধ্যে শুধু বুধবারই বুধবার বজ্রপাতে দেশের ১১ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে কৃষক মো. মোস্তফা মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতাল ও গ্রামবাসী সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা দুপুরে গাভির দুধ বিক্রি করার জন্য স্থানীয় নান্দাইল রোড বাজারে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নেত্রকোনা: নেত্রকোনা বারহাট্টায় অতিথপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে কিশোরী মিতু আক্তার (১৪) মারা গেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা ছোট ভাই রাকিব হোসেন (১২) ও তাঁর নানি শহর বানু (৫৫) গুরুতর আহত হয়েছেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা একটার দিকে হাবিবুর রহমানের বাড়ির সামনের উঠানে ধান শুকানোর সময় হঠাৎ বৃষ্টি নামে। এ সময় ধান আনতে গেলে বজ্রপাতে হাবিবুর রহমানের মেয়ে মিতু আক্তার, ছেলে রাকিব হোসেন তাঁর শাশুড়ি শহর বানু গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতু আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন এবং আহত হয়েছে এক স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ওই কৃষকের নাম সমাতুল্লাহ হোসেন (৫০)। তিনি উপজেলার নাটুপাড়া ইউনিয়নের পানাগাড়ি চরের বাসিন্দা।
আহতের নাম শাকিল হোসেন (১৫)। সে খাসরজবাড়ী গ্রামের বাসিন্দা এবং খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাড়ির সামনের খোলা জায়গায় ভুট্টা শুকাতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোমেনা খাতুন (৩৫)। দুপুরে উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামে ঘটনাটি ঘটে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, বজ্রপাতে মৃত মোমেনা খাতুন গোড়াদিঘা গ্রামের কালা মিয়ার মেয়ে।
নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে কৃষক ফিরোজ হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলার আমাইড় ইউনিয়নের হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। ফিরোজ হোসেন হরিপুর গ্রামের নেজাই মণ্ডলের ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ফিরোজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুপুরে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তারিন বেগম (১৫)। সে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে এবং সুজাতপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। অপরদিকে উপজেলার দৌলতপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৫২)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাড়িতে মায়ের সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করছিল তারিন। এ সময় বজ্রপাতে সে প্রাণ হারায়। আর ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান মিজানুর রহমান।
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে কৃষক হেলু জোয়ারদার (৫৫) মারা গেছেন। দুপুরে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। হেলু জোয়ারদার মোহাম্মদপুর গ্রামের নবীন জোয়ারদারের ছেলে। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল আহমেদ বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে হেলু জোয়ারদারের মৃত্যু হয়।