বজ্রপাতের আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে বজ্রপাতের আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় গত শুক্রবার রাত প্রায় ১১টায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ওই রাতে (প্রায় সাড়ে ১০টা) আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রথমে শিলাবৃষ্টি হয়। পরে তা টর্নেডোতে পরিণত হয়ে বেশ কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায়।টর্নেডোর সময় উপজেলার ঠাকুরদিঘী এলাকার আমির আলী মোল্লার বাড়িতে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। প্রচণ্ড বাতাসের মধ্যে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মো. হানিফ, নূর ইসলাম, মো. কামাল, আবু জাফর ও মোশাররফ। এ সময় অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত রিজিয়া বেগম জানান, প্রবল বেগে বাতাসের মধ্যে প্রচণ্ড শব্দে ঘরের টিনের ওপর বজ্রপাত আঘাত হানে। বজ্রপাতের আঘাতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে তখন তিনি ঘর থেকে বেরিয়ে যান। এ ঘটনার প্রায় ৩০ মিনিট আগে থেকে তাঁর ঘরে বিদ্যুৎ ছিল না।এদিকে, বজ্রপাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম চৌধুরী ও আবু সুফিয়ান, আলাউদ্দিন মেম্বার, মোহামঞ্চদ জহুরুল হক, মেজবাহ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অনুদান হিসেবে নগদ টাকা দেন।