গত পাঁচ দশকে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের কারণে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। এদের সবার সঠিক পুনর্বাসন হয়নি। বহু মানুষ বঞ্চনার শিকার হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে ও মানুষের বঞ্চনা কমাতে সমন্বিত জমি অধিগ্রহণ ও পুনর্বাসন নীতিমালা দরকার।গতকাল বুধবার ব্র্যাক সেন্টারে ‘উন্নয়ন ও জনগণ: পুনর্বাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় আলোচকেরা এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই আলোচনা সভার আয়োজন করে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বেড়িবাঁধ, সেতু বা যেকোনো উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণ যৌক্তিক হওয়া বাঞ্ছনীয়। অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি জমি অধিগ্রহণ করা হয়। তিনি বলেন, জমি বেশি অধিগ্রহণ হলে পুনর্বাসন খরচও বেশি হয়।গত শতাব্দীর ষাটের দশকে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন বা উপকূলীয় বেড়িবাঁধ তৈরির কারণে অনেক মানুষ উদ্বাস্তু হয়। বঙ্গবন্ধু সেতু তৈরির সময়ও অনেক মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছিল। হোসেন জিল্লুর বলেন, উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য প্রকল্পভিত্তিক কিছু উদ্যোগ থাকে। তিনি বলেন, জাতীয়ভাবে একটি নীতিমালা থাকা দরকার। এই নীতিমালার মূল উদ্দেশ্য হবে কার্যকর অধিগ্রহণ ও ন্যায়সংগত পুনর্বাসন।অনুষ্ঠানে জানানো হয়, পদ্মা সেতুর কারণে ২০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি আর ৫৫ হাজার মানুষ জীবিকা হারাবে।ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ এম হাশেমী বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং কয়লা ও গ্যাস উত্তোলন দরকার। কিন্তু এসব ক্ষেত্রে পুনর্বাসন ন্যায়সংগত হওয়া দরকার। সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর অনুষ্ঠান পরিচালনা করেন।