যে শোষণ-নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ১৮৫৫ সালে সিধু-কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, ধরন বদলালেও আজও তা বিরাজ করছে। আদিবাসীদের জমিজমা, সমাধিক্ষেত্র আজও উচ্ছেদ চলছে। চলছে নানা সামাজিক বঞ্চনা ও নিপীড়ন। এমনকি আদিবাসীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। অস্বীকার করা হচ্ছে আদিবাসীদের অস্তিত্বও।গতকাল শনিবার ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও এ দেশীয় শোষকদের বিরুদ্ধে সংঘটিত সাঁওতাল বিদ্রোহের ১৫৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে এক আলোচনা সভায় আদিবাসী নেতারা এসব কথা বলেন।আদিবাসী-অধ্যুষিত ২০-২৫টি গ্রামের সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নাচ-গান, তীর নিক্ষেপ প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাঁওতাল বিদ্রোহের ১৫৫তম বার্ষিকী উদ্যাপন করা হয়। আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, আদিবাসী বিকাশ কেন্দ্র, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও আদিবাসী আর্থসামাজিক উন্নয়ন সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, কাকনহাট পৌর মেয়র আবদুল মজিদ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আদিবাসীদের বলা হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। বাংলাদেশে পাহাড়ি ও সমতলে আদিবাসী মোট ৪৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস। সম্প্রতি পাস হওয়া ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে’ সমতলের অনেক আদিবাসী জনগোষ্ঠীকে অস্বীকার করা হয়েছে।