বঞ্চনার জীবনে খুশির ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংবা লাইন রাখাইন,আল্পনা খানম,নাহিদ ইসলাম,সেতারা
মংবা লাইন রাখাইন,আল্পনা খানম,নাহিদ ইসলাম,সেতারা

কক্সবাজার সমুদ্রসৈকতে বাদাম বিক্রি করত মংবা লাইন রাখাইন। সংসারের তীব্র অভাব থাকায় আল্পনাকে বিয়ে দিতে চেয়েছিলেন তার বাবা। সে বাল্যবিবাহে রাজি হয়নি। হাঁস-মুরগি পালন ও ধানের চারা তুলেছে সে। বাবা অসুস্থ থাকায় দিনমজুরি করতে হয়েছে নাহিদ ইসলামকে। আর বাবা না থাকায় গৃহশিক্ষকতা করেছে সেতারা। এভাবে দারিদ্র্যের কাছে হার না মেনে এই চার অধ্যবসায়ী শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে৷ দারিদ্র্য ও বঞ্চনার জীবনে হাসি ফুটিয়েছে পরিবারের মুখে।

বাদাম বিক্রি করে লেখাপড়া: মংবা লাইন রাখাইনের বাবা মংহ্লা ওয়ে রাখাইন অসুস্থ৷ তাঁকে ঘরে রেখে মা বুসাং রাখাইন কক্সবাজার সমুদ্রসৈকতে বাদাম বিক্রি করেন। কিন্তু বাদাম বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে ছয় সদস্যের সংসার চলে না। তাই বাড়তি অর্থের জোগান দিতে মংবা লাইন বিদ্যালয়ের সময়টুকু বাদ দিয়ে সৈকতে বাদাম বিক্রি করেছে। গভীর রাত পর্যন্ত পড়েছে৷ সে কক্সবাজারের বায়তুশশরফ জব্বারিয়া একাডেিম থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে৷ তার বাড়ি সদর উপজেলার খুরুশকুল গ্রামে।
বিয়ে না করে পড়েছে আল্পনা: কোনোভাবেই পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। এ কারণে মেয়ে আল্পনা খানমের পড়াশোনা বন্ধ করে তাকে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা মোশারেফ হোসেন। কিন্তু বাল্যবিবাহ করতে রাজি হয়নি সে। ওর বাবা মোশারেফ হোসেন খেয়ানৌকার মাঝি। তাঁর আয়ে সংসার চলে না। তাই হাঁস-মুরগি পালন ও ধানের চারা তুলে টাকা আয় করে পড়ালেখার খরচ চালিয়েছে সে৷ এভাবে প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সে এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে৷ সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইকড়াইল গ্রামের খায়রুন্নেছা ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল৷
সংসারের ঘানি টেনে পড়ত নাহিদ: ফলাফল ঘোষণার দিন নাহিদ ইসলাম কুড়িগ্রাম বাসস্ট্যান্ডের পাশের একটি বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল। সেখানে এক বন্ধু এসে খবর দেয় সে জিপিএ-৫ পেয়েছে৷ ওর বাবা আবুল হোসেন রিকশা চালাতেন। কিন্তু তিনি কয়েক বছর ধরে অসুস্থ। তার বড় ভাই বিয়ে করে আলাদা থাকেন। তাই সংসারের খরচ চালাতে অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই কখনো দিনমজুরি, আবার কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছে৷ বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে৷ সে কুড়িগ্রাম রিভারভিউ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল৷
পিতৃহীন সেতারার এগিয়ে চলা: সাত বছর আগে সেতারার বাবা আবদুল ওহাব মৃধা মারা যান৷ এ কারণে সাত সন্তান নিয়ে বিপদে পড়েন তার মা হায়াতুন্নেসা৷ মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতে শুরু করেন তিনি। কিন্তু তাঁর আয়ে সংসার চলত না। এ অবস্থায় গৃহশিক্ষকতা করে পড়াশোনার খরচ জোগাড় করেছে সেতারা। বোনদের উৎসাহ, নিজের চেষ্টা ও শিক্ষকদের সহায়তায় সে এবার মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে৷ সে মাদারীপুরের কালকিনির মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল৷
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আব্দুল কুদ্দুস, কক্সবাজার; পান্না বালা, ফরিদপুর; খায়রুল আলম, কালকিনি (মাদারীপুর), সফি খান, কুড়িগ্রাম]