ক্ষুদিরাম সরকার গত বছর মে মাসে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভায় তাঁকে ডাকা হতো না।
ক্ষুদিরামের অভিযোগ, তিনি ঋষি সম্প্রদায়ের মানুষ। সমাজ তাঁকে ‘ছোট জাত’ হিসেবে দেখে। তাই সভায় ডাকা হয় না। তিনি এ অন্যায়ের প্রতিকার চাইলেন উপজেলার শিক্ষা কর্মকর্তা ও চেয়ারম্যানের কাছে। এর পর থেকে ক্ষুদিরামকে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভায় ডাকা হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাতিগত পরিচয়ের জন্যই ক্ষুদিরামকে বাধা দেওয়া হয়েছিল।’
দলিত মানুষের অধিকার নিয়ে কাজ করে, এমন সংগঠনগুলো বলছে, এমন বঞ্চনার ঘটনা দেশে বহু আছে। বঞ্চনার প্রতিকারে কোনো আইনি সুরক্ষা নেই। ‘বৈষম্য বিলোপ আইন ২০১৪’-এর খসড়া প্রায় এক বছর ধরে আইন মন্ত্রণালয়ে পড়ে আছে। চূড়ান্ত করার উদ্যোগ নেই।
ঘটনার শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলিতদের বঞ্চনার কারণ মূলত পেশা। ঝাড়ুদার, ডোম, মুচিসহ সামাজিকভাবে ‘নিচু পেশায়’ নিয়োজিত সম্প্রদায় দলিত হিসেবে পরিচিত। দেশে এদের সংখ্যা প্রায় ৬৫ লাখ।
পেশার ভিন্নতার কারণে নিগ্রহের শিকার হয়েছিল গাইবান্ধার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র রাজেশ বাঁশফোড়। রাজেশ প্রথম আলোকে জানায়, ‘দলিত বলে স্কুলে কখনো প্রথম বেঞ্চে বসতে পারিনি। প্রথম সারির বেঞ্চে বসলে সহপাঠীরা আড়চোখে তাকাত। একদিন এক সহপাঠী বলেই ফেলল, “রাজেশ, তুমি এখানে বসলে আমাদের শরীরের সাথে তোমার শরীরের ছোঁয়া লাগবে। আমরা নাপাক হয়ে যাব”।’ এরপর রাজেশ স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়।
‘বাংলাদেশের দলিত সমাজ: বৈষম্য, বঞ্চনা ও অস্পৃশ্যতা’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, দলিত সম্প্রদায়ের ৫৭ শতাংশ পরিচয়ের কারণে অস্পৃশ্যতার শিকার হন। ৬৩ শতাংশ দলিত বলেছেন, পরিচয় পেলে দলিতদের সঙ্গে অন্যরা মিশতে চান না। আলতাফ পারভেজ ও মাজহারুল ইসলামের এ গবেষণাটি প্রকাশিত হয় ২০১৪ সালের অক্টোবর মাসে। দেশের ১৭টি এলাকায় ৬৩২ জনের মতামত সংগ্রহ করা হয় গবেষণায়। ওই গবেষণায় দেখা যায়, প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে ‘ছোট জাত’ বলে রেস্তোরাঁয় দলিতদের খাবার দিতে অস্বীকার করা হয়। অন্যদিকে খেতে বসে ঘৃণা প্রদর্শনের শিকার হয়েছেন ২৮ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈষম্য প্রদর্শনের কারণে প্রচলিত আইনে শাস্তির বিধান নেই। একাধিক বেসরকারি সংগঠনের উদ্যোগে বৈষম্য বিলোপ আইন তৈরির প্রক্রিয়া শুরু হয় ২০০৯ সালে। আইন কমিশন একটি খসড়া তৈরি করে গত বছরের এপ্রিল মাসে জমা দেয় আইন মন্ত্রণালয়ে। খসড়া আইনে অস্পৃশ্যতাকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ কোনো ক্ষেত্রে কাউকে বঞ্চিত করা হলে আইনে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আইনে প্রতিটি জেলায় বৈষম্য বিলোপ আদালত প্রতিষ্ঠারও বিধান রাখা হয়েছে।
বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আইনটি যেহেতু দরিদ্র মানুষের অধিকারের জন্য, তাই সেটি তৈরির বিষয়ে সরকারি স্তরে কোনো কার্যকর উদ্যোগ নেই।
অন্যদিকে খোদ আইন কমিশনের সদস্য শাহ আলমই এখন আইনটি আদৌ চূড়ান্ত হবে কি না, তা নিয়ে সন্দিহান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আইন মন্ত্রণালয় তাদের করণীয় পদক্ষেপ এখনো নেয়নি। এই দীর্ঘসূত্রতার কারণ আমার অজানা।’
তবে দীর্ঘসূত্রতার অভিযোগ মানতে রাজি নন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আইন কমিশনের ইচ্ছে-অনিচ্ছায় তো আমরা আইন করতে পারি না। আমি পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখছি। মন্ত্রণালয়েই আইনটি নিয়ে বাছবিছার হচ্ছে।’
মানবাধিকারকর্মীরা বলছেন, আইন করলেই বৈষম্য দূর হবে, এমনটা নয়। জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তাকারী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিশেষজ্ঞ মো. জাহিদ হোসেন বলেন, দেশে যত ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়, দলিতদের ওপর নিপীড়ন এর মধ্যে অন্যতম। এ নিয়ে কমিশন অনেক অভিযোগ পায়। বৈষম্য বিলোপ আইন থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সহজ হবে।