ধীরেন্দ্রনাথ দত্তের পরিচয় আমাদের কাছে প্রধানত বাংলাকে রাষ্ট্রভাষা দাবির প্রবক্তা হিসেবে। কিন্তু পূর্ব বাংলার প্রতি পাকিস্তানি শাসকদের বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকাও পালন করেছিলেন তিনি।
ধীরেন্দ্রনাথ দত্তের ১২৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত একক বক্তৃতানুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করা হয়। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে এটি আয়োজন করে বাংলা একাডেমি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মৃতিচারণামূলক বক্তব্য উপস্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী আরমা দত্ত।
একাগ্র ‘দেশব্রতী ধীরেন্দ্রনাথ দত্ত’ শীর্ষক একক বক্তৃতা দেন অধ্যাপক মোরশেদ শফিউল হাসান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
অধ্যাপক মোরশেদ শফিউল হাসান বলেন, ধীরেন্দ্রনাথ দত্তের পরিচয় আমাদের কাছে প্রধানত বাংলাকে রাষ্ট্রভাষা দাবির প্রবক্তা হিসেবে।
পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ছয় মাসের মাথায় পাকিস্তান গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রসঙ্গটি উত্থাপন করেন। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি দাখিল করা প্রস্তাবে তিনি পরিষদের কার্যপরিচালনার ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকেও স্থান দেওয়ার দাবি জানান। কিন্তু আমরা অনেকেই হয়তো যে তথ্যটি জানি না কিংবা মনে রাখিনি, তা হলো ভাষার বিষয়টি ছাড়াও তিনি সেদিন আরও একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেটি হলো, বছরে গণপরিষদের অন্তত একটি অধিবেশন যাতে ঢাকায় অনুষ্ঠিত হয়। বলা যায়, এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত গোড়াতেই সেদিন পূর্ব বাংলার প্রতি পাকিস্তানি শাসকদের বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে একরকম প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ধীরেন্দ্রনাথ দত্ত দীর্ঘ রাজনৈতিক জীবনে অসাম্প্রদায়িক চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। ভাষা আন্দোলনের সময় তিনি পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে যে স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা দাবানলে পরিণত করেন।
আরমা দত্ত বলেন, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন দেবতুল্য মাটির মানুষ, যিনি ধর্মের লোক দেখানো আনুষ্ঠানিকতায় আগ্রহী ছিলেন না বরং মানুষের বিবেকের উত্থানকেই ধর্মজ্ঞান করতেন। বিজ্ঞপ্তি।