বঞ্চনার শিকার চিংড়িশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দৈনিক আট ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করেও মালিকের ইচ্ছার ওপরই নির্ভর করে তাঁদের চাকরি। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনেকে পান না। ট্রেড ইউনিয়ন করায় বেশ কিছু শ্রমিক ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। খুলনার রূপসা নদীর দুই পারে গড়ে ওঠা চিংড়ি প্রক্রিয়াকরণের প্রায় ৩০টি কারখানায় নিয়োজিত বেশ কয়েকজন শ্রমিক জানান, আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে দিনে আট ঘণ্টা কাজের নিয়ম থাকলেও এই কারখানাগুলোয় শ্রমিকদের ১২ ঘণ্টার বেশি সময় কাজ করতে হচ্ছে। ট্রেড ইউনিয়ন করার (সংগঠন) বিধান থাকলেও যাঁরা ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে শ্রম দপ্তর থেকে নিবন্ধন নিয়েছিলেন তাঁদের প্রায় সবাইকেই চাকরি হারাতে হয়েছে। এমনকি কাউকে কাউকে এলাকাও ছাড়তে হয়েছে। এখানে শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র দেওয়া হয় না। কোনো প্রকার সাপ্তাহিক ছুটিও নেই। অধিকাংশ কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দেওয়া হয় না। শাহনাজ সি ফুডস লিমিটেডের শ্রমিক রিক্তা বেগম বলেন, ‘চাকরি হারানোর ভয়ে প্রতিদিন আট ঘণ্টার পরিবর্তে আমাদের ১২ ঘণ্টা কাজ করতে হয়। তা ছাড়া মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।’ জালালাবাদ সি ফুডসের নিপা বেগম বলেন, ‘ওরা ইচ্ছেমতো বেতন ঠিক করে। সপ্তাহে একদিন ছুটিও দেয় না। আর যখন বাইরে (বিদেশ) থেকে লোক আসে তখন আমাদের বাচ্চা রাখার ব্যবস্থা করে দেয়। কিন্তু তারা চলে গেলে আর সে ব্যবস্থা থাকে না।’ কারখানার নাম গোপন রাখার শর্তে পারভিন আকতার নামে এক শ্রমিক বলেন, ‘ট্রেড ইউনিয়ন করলে চাকরি থাকে না, তাই আমি করি না। আগে কারখানা কর্তৃপক্ষ যাঁদের নিয়োগপত্র দিয়েছিল তাঁদের কাছ থেকে তা ফিরিয়ে নিয়েছে।’ অর্গানিক সি ফুডস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুনব মল্লিক বলেন, ‘শুধু ট্রেড ইউনিয়ন করার অপরাধেই আমাকে চাকরি থেকে বিদায় করা হয়েছে।’ অর্গানিক সি ফুডসের মহা ব্যবস্থাপক জালাল উদ্দীন এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। সুনব মল্লিক পাওনা বুঝে নিয়ে গেছেন।’ এক কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিনা কারণে ঈদের আগের দিন সাউদার্ন সি ফুডস লিমিটেড থেকে ১৪ জনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছিল। প্রধান কার্যালয়ে যোগ দিতে গেলে কর্তৃপক্ষ বলেছে, স্বেচ্ছায় পদত্যাগ করলে তিন মাসের বেতন দেওয়া হবে। তাঁদের কয়েকজন খুলনা জেলা শ্রম পরিদপ্তরে অভিযোগও দায়ের করেছেন। এ ব্যাপারে সাউদার্ন সি ফুডসের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি কারখানায় সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তা ছাড়া তিনি তাঁর কারখানায় দুটি শ্রমিক ইউনিয়ন থাকার কথাও বলেন। বদলির বিষয়টি তিনি এড়িয়ে যান।বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ আবদুল বাকি বলেন, ‘শ্রমিকদের ছোটখাটো কিছু অভিযোগ থাকতে পারে। কিন্তু বড় ধরনের কোনো অভিযোগের বিষয়ে আমার জানা নেই।খুলনা বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক জামসেদুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। শ্রমিকদের দিয়ে দৈনিক ১২ ঘণ্টা কাজ করানোর কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। কারখানা মালিক তিন মাসের টাকা দিয়ে ছাঁটাই করার অধিকার রাখেন। তবে ট্রেড ইউনিয়ন করলে চাকরি যাওয়ার কথা নয়। তা ছাড়া ইউনিয়নের নির্বাহী কমিটির কাউকে বদলি করার বিধান নেই।’