বঞ্চিত জনপদে 'বহিরাগত' ভোটার নিয়ে টানাটানি
ভগ্নদশা। আবার সেই রাস্তাতেই কাঁচাবাজার। হাঁটার জায়গা নেই। আছে খাওয়ার পানির সমস্যাও। পয়োনিষ্কাশন ও পানিনিষ্কাশন ব্যবস্থাও নেই। রয়েছে মাদকের অভিশাপ। সমস্যার যেন অন্ত নেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে। প্রার্থীদেরও প্রতিশ্রুতি, নির্বাচিত হলে তাঁরা এসব সমস্যার সমাধান করবেন। কারও কারও প্রধান অঙ্গীকার এলাকায় স্থায়ী কাঁচাবাজার করা।
উত্তর, দক্ষিণ ও পূর্ব মানিকনগর, বালুর মাঠ এবং মিয়াজান লেন নিয়ে ৭ নম্বর ওয়ার্ড। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখানকার প্রায় দেড় লাখ মানুষ নাগরিক সেবা থেকে অনেকটাই বঞ্চিত।
ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. সামছুল হুদা ওরফে কাজল। তিনি মুগদা থানা যুবদলের সম্পাদক। তাঁর অভিযোগ, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক ওয়ার্ড কাউন্সিলর এ ডি এম মোস্তফা বাদশা লোকজন দিয়ে তাঁর পোস্টার ও প্রচারপত্র নষ্ট করছেন। আর এটা করা হচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল বাসিত খানের যোগসাজশে।
জানতে চাইলে আবদুল বাসিত খান পাল্টা অভিযোগ করে বলেন, ‘কাজলের সন্ত্রাসী দল আছে। তারা উল্টো আমার পোস্টার ছিঁড়ে দিচ্ছে। সরকারি দল হলেও আমি কোনো সন্ত্রাসী লালন করি না। তাই উচিত হলেও বাধা দিতে পারছি না।’
আবদুল বাসিত খান আরও বলেন, ‘বাদশা আমার প্রতিপক্ষ। সে কেন আমার হয়ে কাজ করবে? আসলে আমাকে বিএনপির প্রার্থীরা এলাকায় শুরুতে বহিরাগত বলে প্রচার করেছিলেন। পরে দেখা গেল, এলাকার ভোটারদের ৮০ শতাংশই বহিরাগত। এখন অন্য প্রার্থীরাও নিজেদের বাড়ি কালীগঞ্জ, নোয়াখালী বা কুমিল্লা বলে প্রচার করছেন। কারণ, ভোটারদের অনেকের বাড়ি এসব এলাকায়।’
মোস্তফা বাদশা অবশ্য নিজেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী বলতে রাজি নন। তিনি বলেন, ‘প্রথমে সামছুল হুদাকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছিল। পরে আমি আব্বাস ভাইয়ের (মির্জা আব্বাস) সঙ্গে দেখা করার পর আমাকে সমর্থন দেওয়া হয়।’
পোস্টার ছেঁড়ার বিষয়ে মোস্তফা বাদশা বলেন, ‘পোস্টার ছেঁড়ার মতো মানসিকতা আমার নেই। আমার নিজেরই পোস্টার উড়ে গেছে। নতুন করে আরও পাঁচ হাজার পোস্টার ছাপিয়েছি, পলিথিন দিয়ে লাগাব।’ তাঁর দাবি, আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে তাঁর কোনো যোগসাজশ নেই।
বঞ্চিত জনপদ: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মানিকনগর প্রধান সড়ক ধরে চলতে গিয়ে দেখা গেল, হাঁটার মতো অবস্থা নেই। রাস্তায় বসেছে কাঁচাবাজার। রাস্তার পাশে একটি মনিহারি দোকানের স্বত্বাধিকারী শামসুর রহমান বললেন, ‘এটা আজকের নয়, বছরের পর বছর ধরে রাস্তার মধ্যে এই বাজার।’ রাস্তায় বসা সবজি বিক্রেতা সবুর আলী বললেন, স্থায়ী বাজার পেলে তাঁরা সেখানে চলে যাবেন।
খোঁজ নিয়ে জানা গেল, এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই। খেলার মাঠ নেই। উত্তর মানিকনগরের বাসিন্দা আবদুর রহমান বললেন, কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ করা নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। কিন্তু চোখে দেখা যায়নি। শিশু-কিশোরেরা রাস্তায় ক্রিকেট খেলে।
ওয়াসা রোড, কালভার্ট রোড, নাজিমউদ্দিন রোড ও মিয়াজান লেনসহ কয়েকটি রাস্তা ঘুরে দেখা গেল, ভগ্নদশার রাস্তায় খেলারও উপায় নেই। বালুর মাঠসহ পূর্ব মানিকনগরের রাস্তা খুবই খারাপ।
খাওয়ার পানির সমস্যা রয়েছে ঋষিপাড়ায়। পয়োনিষ্কাশন ও পানিনিষ্কাশন ব্যবস্থাও নেই সেখানে। একই অবস্থা পূর্ব মানিকনগরেও।
প্রার্থীরা ভোটারদের কাছে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। আওয়ামী লীগের আবদুল বাসিত খান বললেন, নির্বাচিত হলে তিনি এক মাসের মধ্যে তিন কোটি টাকার রাস্তার কাজ করাবেন। কাজ করা হবে ড্রেনেজ ও পয়োনিষ্কাশন লাইনেরও। এগুলো কার্যাদেশের অপেক্ষায় আছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী মোস্তফা বাদশা গতকাল বিকেলে বালুর মাঠ এলাকায় গণসংযোগ করেন। সেখানে তিনি বলছিলেন, কাউন্সিলর থাকাকালীন কমিউনিটি সেন্টার ও খেলার মাঠের জায়গা তিনি ঠিক করেছিলেন। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবেন।
এলাকার অন্যতম বড় সমস্যা মাদক ব্যবসা। নির্বাচিত হলে মাদকদ্রব্যের বেচাকেনা রোধ করবেন বিএনপির সামছুল হুদা। তবে তাঁর প্রথম কাজ হবে স্থায়ী কাঁচাবাজার ও মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা।
এই ওয়ার্ডে বৈধ প্রার্থীদের তালিকায় আরও আছেন এ বি এম শরীফ, মো. শফিকুল ইসলাম, মো. ইসমাইল হোসেন। তবে গতকাল প্রচারে সবাইকে দেখা যায়নি।