বঞ্চিত শিশুদের জন্য অন্য রকম এক দিন

পাতাঝরা দিনের সকাল। ঝরা পাতা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শাখা-পল্লবে নতুন কচি পাতা ও পুরোনো পাতার মধ্যে বসে আছে একদল নতুন শিশু। সবাই দরিদ্র পরিবারে জন্মেছে। সবাই কাজ করে আর কাজের ফাঁকে করে পড়াশোনা। তাই তাদের জন্য একটি বিশেষ দিনের আয়োজন ছিল গতকাল শনিবার।
গতকাল মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন ‘আমরা বন্ধু’ ব্লগের ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বঞ্চিত শিশুদের পাশে এবং সমাজে সব অন্ধকার দূর করে আলো আনতে ‘আমরা বন্ধু’ ব্লগের যাত্রা শুরু করে ২০০৯ সাল থেকে, জানান ব্লগের অন্যতম সদস্য মেসবাহ য়াযাদ।
এই সংগঠনের সমন্বয়কারী টুটুল চৌধুরী বলেন, এই দরিদ্র পরিবারের শিশুদের ছোটবেলার স্মৃতি বলে কিছু থাকে না, তাদের প্রত্যেকের ছবি তুলে প্রিন্ট করা এই ভ্রমণের অন্যতম দায়িত্ব। তাতে এই শিশুরা সবাই বড় হয়ে নিজেদের স্মৃতি মনে করতে পারবে।
অনুষ্ঠানটির অন্যতম সমন্বয়ক হাসান রায়হান, ফয়সাল আকরাম ও ফারহানা জেবীন জানান, সংগঠনের ৬০ জন সদস্য গতকাল চিড়িয়াখানায় বঞ্চিত শিশুদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন ও ছবি তুলেছেন। বঞ্চিত শিশুদের স্কুল মিরপুর ১২ ডি ব্লকের ‘আমাদের পাঠশালা’-এর শিক্ষার্থীদের নিয়েই ছিল এই আয়োজন। মোট ১৮০ জন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকেরাও এসেছিলেন চিড়িয়াখানায়। সকাল থেকে ছোট্ট ছোট্ট দলে ভাগ করে পুরো চিড়িয়াখানা ঘুরেছে সবাই। কথা হয় শিক্ষক নাজমা বেগমের সঙ্গে। তিনি জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর নবম শ্রেণীতে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা বিদ্যালয় থেকেই করা হয়।
কথা বলার সময় ছুটে এসে পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সুমি আক্তার জানায়, ‘আজ আমাদের অনেক আনন্দের দিন কাটছে আফা এইটা লিখেন।’ সুমি চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড়, সে এই স্কুলে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছে। সে আরও জানায়, ‘আমি বড় হয়ে নৃত্যশিল্পী হতে চাই।’ সুমির মতো উল্লসিত এমন অনেক শিশুর মুখ থেকে জানা যায় স্কুলে পড়ার মজাটা কোথায়? তাদের একটাই কথা স্কুলে তাদের বেশি ভালো লাগে, কারণ শিক্ষকেরা আদর করেন। যে আদর আর কোথাও পায় না তারা।
আমাদের পাঠশালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান জানান, যেসব শিশুর মা-বাবা নেই বা অভিভাবকেরা স্কুলের খরচ দিতে পারেন না, সেসব শিশুর জন্য এ বিদ্যালয়।