বঞ্চিতদের বিক্ষোভ-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া নেতা এবং তাঁদের সমর্থকেরা গতকাল শনিবার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। কিশোরগঞ্জে দলের নেতা ও দুবারের সাবেক সাংসদ মিজানুল হক দল থেকে পদত্যাগ করে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আর নড়াইল-২ আসনের প্রার্থী এস এম আসিফুর রহমান ও কুষ্টিয়া-৪ আসনে আবদুর রউফকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ। সাতক্ষীরা-২ আসনে প্রার্থী পরিবর্তন করা না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে দলের একাংশ।

ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ গত শুক্রবার ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশায় ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক ও ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচিত সাংসদ মিজানুল হক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্য গতকাল বিকেলে সাংবাদিকদের জানান, দল থেকে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসনে মনোনয়ন পেয়েছেন এস এম আসিফুর রহমান। তিনি সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা রহমানের ছেলে। তবে আওয়ামী লীগের জেলা বা উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে আসিফুরের নাম নেই।

গতকাল ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের বৈঠক শেষে আসিফুরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বৈঠকে জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সৌমেন বসুসহ সংগঠনের জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, অপরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) আবদুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়ায় তাঁকে কুমারখালী ও খোকসা উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের একাংশ। গতকাল বিকেলে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানের কার্যালয়ে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সমেঞ্চলনে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণ, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার ও সাধারণ সম্পাদক তারিকুজ্জামানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ৪৮ ঘণ্টার মধ্যে রউফের মনোনয়ন বাতিল করা না হলে হরতালসহ গণপদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সাতক্ষীরা-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন মীর মোস্তাক আহমেঞ্চদ। আওয়ামী লীগের জেলা বা উপজেলা কোনো কমিটিতেই তাঁর নাম নেই। তাঁকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশ করে দলের একাংশ। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম ও শ্রমিক লীগের নেতা হারুন-উর-রশিদ প্রমুখ। বক্তারা বলেন, মীর মোস্তাকের মনোনয়ন বাতিল করা না হলে এই আসনের আওয়ামী লীগ এ নির্বাচন বর্জন করবে।

যশোর-৪ আসনে (অভয়নগর, বাঘারপাড়া ও সদরের একাংশ) আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের অনুসারীরা গতকাল বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছেন। ওহাবের অনুসারীরা আজ রোববার অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন।

মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনে সাবেক যোগযোগমন্ত্রী বর্তমান সাংসদ সৈয়দ আবুল হোসেনের পরিবর্তে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সকালে কালকিনি-ভুরঘাটা সড়ক অবরোধ করেন দলের একাংশের নেতা-কর্মীরা।

বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানকে দলের প্রার্থী করার দাবিতে শুক্রবার গভীর রাতে মহাসড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁর সমর্থকেরা। ওই আসনে মনোনয়ন পেয়েছেন তাজ মোহাম্মদ।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকেরা গতকাল দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বর্তমান সাংসদ রেজা আলীকে আবার মনোনয়ন দেওয়ার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ত্রিশাল বাসস্ট্যান্ডে সমাবেশ করেছে দলের একাংশ। এর আগে দুপুরে ত্রিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রেজা আলীর মনোনয়ন বাতিল করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। এ ছাড়া জেলা আওয়ামী লীগের নেতা জালাল উদ্দিন খান, ফজলে রাব্বি, ঈসমাইল হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে গতকাল সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা। বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই সামবেশে উপস্থিত ছিলেন মনোনয়নবঞ্চিত ছয় নেতা। তাঁরা ওই আসনের বর্তমান সাংসদ মজিবুর রহমান ফকিরের মনোনয়ন বাতিলের দাবি জানান।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) মনোনয়নবঞ্চিত বর্তমান সাংসদ মোস্তাক আহমেদের অনুসারীরা গতকাল দুর্গাপুরে আধা বেলা হরতাল পালন করেন। এর আগে শুক্রবার রাতে তাঁরা চার-পাঁচটি যানবাহন ও কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়নবঞ্চিত সামসুল কবির খানের সমর্থকেরা বিকেলে কেন্দুয়া উপজেলা সদরে বিক্ষোভ করেছেন। এ ছাড়া নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনে দলের কেন্দ্রীয় নেতা শফি আহম্মেদ মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা মদন উপজেলা সদরে বিক্ষোভ করেছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বর্তমান সাংসদ শফিকুল ইসলামকে মনোনয়ন না দেওয়ায় গণপদত্যাগের হুমকি দেওয়া হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক সাবেক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সদ্য বিদায়ী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে দুই উপজেলায় গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করেন। এই আসনে মজিদ মণ্ডলের মনোনয়ন বাতিল করে লতিফ বিশ্বাসকে মনোনয়নের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাঁরা।