ছোটখাটো ঘটনা থেকেই বড় ঘটনার সৃষ্টি। বাড়ির সীমানা নিয়ে কোনো ছোট ঘটনা কখনো কখনো খুনের মতো অপরাধ সংগঠিত করে। তাই ছোট ছোট ঘটনা গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বড় ধরনের অপরাধ থেকে গ্রামের মানুষ মুক্ত থাকতে পারে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার ‘গ্রাম আদালত কার্যকরকরণে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন।কর্মশালায় গ্রাম আদালতের ব্যাখ্যায় বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি ছোট ছোট বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠিত হয়, তা-ই গ্রাম আদালত। ২৫ হাজার টাকার নিচে এমন দেওয়ানি ও ফৌজদারি আইনের ২৭টি ধারার অপরাধ কম সময়ে অল্প খরচে গ্রাম আদালত নিষ্পত্তি করে থাকে। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে শান্তি স্থাপন করে বিরোধী পক্ষদ্বয়ের মধ্যে পুনর্মিলন ও সামাজিক ন্যায্যতা সৃষ্টি করে।এ ছাড়া প্রত্যন্ত এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত, দুস্থ ও সাধারণ নারীদের সম-অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতেও গ্রাম আদালতের বিকল্প নেই। থানা বা আদালতে না গিয়েই নারী, দরিদ্র ও পিছিয়ে পড়া লোকজন যাতে সুবিচার পেতে পারে, সেটিই গ্রাম আদালতের মূল লক্ষ্য।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে অভিমত প্রকাশ করেন, এসব ধারার অধীনে ছোটখাটো অপরাধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে দেওয়ানি ও ফৌজদারি বড় ধরনের অপরাধ নিঃসন্দেহ কমে যাবে। এতে সমাজের সর্বস্তরে আইনশৃঙ্খলার উন্নয়নসহ জনগণের মধ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে।সারা দেশে চার হাজার ৫০১টি ইউনিয়নের মধ্যে ৫০০টিতে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে আটটি উপজেলার ৩৫টি ইউনিয়নে এ আদালত কাজ শুরু করেছেন। এখানে গত এক বছরে এক হাজার ৪২৪টি মামলার বিপরীতে ৩১২টির নিষ্পত্তি ও ২২৩টির আপস নিষ্পত্তি করা হয়। মামলায় ছয় লাখ ৮৬ হাজার ৩৫০ টাকা আদায় করে তা বিচারপ্রার্থীদের দেওয়া হয়। এ ছাড়া শতকরা ৫৫ দশমিক ৮৮ শতাংশ বিরোধপূর্ণ জমি উদ্ধার করে বিচারপ্রার্থীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপপরিচালক (স্থানীয় সরকার বিভাগ) নাজমুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন যোগাযোগ কর্মকর্তা মো. আক্তার উদ্দিন। কর্মশালায় আট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিক অংশ নেন।