প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল রোববারও প্রতিবাদ বিক্ষোভ করেছেন কয়েকটি আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতাদের পক্ষের নেতা-কর্মীরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালিকা গত শুক্রবার ঘোষণার পর শনিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর করেছিলেন মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা।
জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল বিভিন্ন স্থানে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নেতা-কর্মীরা। জাতীয় পার্টির প্রার্থী তালিকাও ঘোষণা করা হয় গত শুক্রবার।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া ও সদরের একাংশ) আসনে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে বর্তমান সাংসদ ও হুইপ শেখ আবদুল ওহাবের অনুসারীরা যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ার নুরবাগে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ সৃষ্টি করেন। একই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের অনুসারীরা।
গাইবান্ধা-২ (সদর) আসনের বর্তমান সাংসদ মাহাবুব আরা বেগমের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল বের করে সদর উপজেলা আওয়ামী লীগের একাংশ।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে গুরুদাসপুরে গত শনিবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশ। তাঁদের অভিযোগ, এই আসনে আবদুল কুদ্দুসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকালও বেলকুচিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর পক্ষের নেতা-কর্মীরা।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল গণ-অনশন কর্মসূচি পালন করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর একাংশের নেতা-কর্মীরা। মনোনয়ন বাতিল না হলে তাঁরা মনোনয়ন পাওয়া প্রার্থীকে বর্জন করবেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম। গতকাল উপজেলার রতনপুর গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে তিনি এ দাবি জানান।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের একাংশ। সংবাদ সমেঞ্চলনে বক্তারা বলেন, এই আসনে মনোনয়ন পাওয়া সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির একজন জনবিচ্ছিন্ন নেতা। সোমবার (আজ) বেলা একটার মধ্যে দাবি মানা না হলে তাঁরা সমগ্র নির্বাচনী এলাকায় মানববন্ধন করবেন।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মনোনয়ন পরিবর্তন করে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকালও বিক্ষোভ মিছিল হয়েছে।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়নবঞ্চিত সামসুল কবির খানের সমর্থকেরা গতকাল কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। একই আসনে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আবদুল মতিনের সমর্থকেরা শহরের পুরাতন কোর্ট রোড এলাকায় বিক্ষোভ ও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল ঘিওরে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ।
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে জামাল উদ্দিন আহমদকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়ায় ঝাড়ু ও জুতা মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর সমর্থকেরা।
জাতীয় পার্টির মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী দলের শামীম হায়দার পাটোয়ারীর মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা জাপার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকারের সমর্থকেরা এই কর্মসূচি পালন করেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জাতীয় পার্টির দিলারা খন্দকারের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদূরে ঢোলভাঙ্গা এলাকায় সড়ক অবরোধ করেন বর্তমান সাংসদ টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সমর্থকেরা।
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর-ইপিজেড) আসনে জাতীয় পার্টি থেকে মোরশেদ মুরাদ ইব্রাহিমের মনোনয়ন বাতিল করে নগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহেরকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। এ দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নগর জাতীয় পার্টির প্রচার সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী।
সংশোধনী: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গতকাল ভুলক্রমে তাজ মোহাম্মদের নাম ছাপা হয়েছে। আসলে তিনি মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি থেকে। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান।