বঞ্চিতরা হতাশ, বেকায়দায় আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

ঢাকার ধামরাই পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সাহেব আলী। মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়ে প্রার্থী হতে পারেননি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
মনোনয়নবঞ্চিত ওই দুই নেতার সমর্থক ভোটাররাও হতাশ। তাঁরা দলীয় প্রার্থীকে ভোট দেবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ছাড়া বিএনপির প্রার্থী বর্তমান মেয়র দেওয়ান নাজিম উদ্দিন শক্ত অবস্থানে থাকায় অনেকটাই চাপের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী গোলাম কবির।
গোলাম কবির পৌর আওয়ামী লীগের সভাপতি। আর দেওয়ান নাজিম উদ্দিন পৌর বিএনপির সভাপতি। এ দুজন ছাড়াও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার, যাকে আওয়ামী ঘরানার লোক হিসেবেই জানেন স্থানীয়রা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধামরাই পৌরসভায় বাজার বা যানবাহন পার্কিংয়ের সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। তবু পৌরসভা থেকে হাট-বাজার ও যানবাহন পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। ফলে যেখানে-সেখানে দোকান বসানো হচ্ছে। যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। এভাবে নাগরিকদের ভোগান্তির মধ্যে ফেলেছেন বর্তমান মেয়র। এ ছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি প্রার্থী পরপর দুবার মেয়র নির্বাচিত হয়েছেন। এবারও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী গোপনে ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর জন্য।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, তৃণমূল থেকে প্রার্থী নির্বাচনের সময় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে সাহেব আলীকে সমর্থন দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। কিন্তু স্থানীয় সাংসদ এম এ মালেকের পছন্দে বাছাই কমিটির অন্য সদস্যরা গোলাম কবিরকে সমর্থন দেন। এতে হতাশ হন সাহেব আলী ও সাখাওয়াত হোসেনের সমর্থক ভোটাররা।
জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তে গোলাম কবির মনোনয়ন পেলেও আওয়ামী ঘরানার ভোটারদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। শেষ পর্যন্ত এসব ভোটাররা কী সিদ্ধান্ত নেবেন, তা বলা যাচ্ছে না। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি গোলাম কবিরের হয়েই কাজ করছেন বলে দাবি করেন।
সাহেব আলী বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে আমার সমর্থক ভোটাররা হতাশ। তাঁদের অনুরোধে কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে মেয়র হিসেবে তাঁরা কাকে বেছে নেবেন, তা বলা মুশকিল।’
গোলাম কবির বলেন, ‘মনোনয়ন নিয়ে দলের ভেতর কারও কারও ক্ষোভ রয়েছে। তাঁরা গোপনে তাঁর বিরুদ্ধে কাজ করছেন। এ কারণে তাঁদের (মনোনয়নবঞ্চিত) সমর্থক ভোটারদের বাগে আনতে আমার কিছুটা সমস্যা হচ্ছে।’
দেওয়ান নাজিম উদ্দিন বলেন, বিএনপির সমর্থক ভোটারদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকলেও তাঁরা বেশ চাপে আছেন। চাপে আছেন তিনি নিজেও। নির্বিঘ্নে প্রচারণাও চালাতে পারছেন না। তিনি বলেন, ‘যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে আমার সমর্থক ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে আমি শঙ্কিত।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির।