বটগাছটি কেটে ফেলা হচ্ছে
চারপাশে ডাল-পাতা ছড়িয়ে ছায়া দিচ্ছিল গাছটি। মহাসড়ক-সংলগ্ন হওয়ায় বাসের যাত্রীরা নেমে গাছের নিচে আশ্রয় নিত। বাজারের সাধারণ মানুষ বিশ্রাম নিত। হঠাৎ করে দুই দিন ধরে গাছটি কেটে ফেলা হচ্ছে। এটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বানিয়াপাড়া সাতমাইল বাজারের একটি বটগাছ।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, কয়েকটি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বটগাছটি দরপত্রের আওতাধীন নয়। খোঁজ নিয়ে জানা গেছে, বাজার কমিটির লোকজন গাছটি কাটছেন। গাছটি সড়কের পাশে বিধায় সেটি সওজ ভালো বলতে পারবে।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ‘কয়েক দিন আগে কুষ্টিয়া বন বিভাগ কার্যালয় থেকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা হতে বালিয়াপাড়া পর্যন্ত কয়েকটি গাছ কাটার চিঠি পাওয়া গেছে। ওই চিঠির মধ্যে বটগাছটি কাটার কথা আছে কি না, তা এ মুহূর্তে বলতে পারছি না।’