বটগাছের শীতল ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মুকুন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জুলফিকার আলীর লাগানো একটি বটগাছ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মুকুন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জুলফিকার আলীর লাগানো একটি বটগাছ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কাঠফাটা রোদে ক্লান্ত মানুষকে শীতল ছায়া দেয় পথের পাশের বটগাছ। কিন্তু গ্রামগঞ্জে বটগাছ দিনে দিনে কমে যাচ্ছে। ৩৪ বছর ধরে রাস্তাঘাটের দুই পাশে, বিভিন্ন গ্রামের মোড়ে ও বিদ্যালয় প্রাঙ্গণে বটগাছ রোপণ করে যাচ্ছেন এস এম জুলফিকার আলী। সবাই তাঁকে লেবু মাস্টার বলে ডাকে। অন্য মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশীর দাওয়াতে তাঁর উপহার গাছের চারা। এ জন্য অনেকেই তাঁকে পাগল বলে সম্বোধন করে।

জুলফিকার আলীর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ছবিলাপুর গ্রামে। তিনি কে জি এস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৮২ সাল থেকে তিনি বাড়ির আশপাশেসহ বিভিন্ন স্থানে গাছ লাগানো শুরু করেন। বটগাছ লাগানোর প্রতি বিশেষ ঝোঁক সৃষ্টি হয় আরও কয়েক বছর পর।

বাবা সামান্য কৃষক ছিলেন। কৃষিকাজের আয় দিয়ে তিন ভাই ও দুই বোনের সংসারে দুমুঠো খেয়েপরে চলাই দুস্কর ছিল। কিন্তু এই অনটনের মধ্যেই গাছের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয় জুলফিকার আলীর। ভাইদের মধ্যে সবার বড় হওয়ায় তিনি সংসারের বাজার-সদাই করতেন। সেই বাজারের খরচ থেকে সামান্য কিছু বাঁচিয়ে রেখে দিতেন গাছের চারা কেনার জন্য। রাস্তার দুই পাশে ও ফাঁকা স্থানে রোপণ করতেন গাছের চারা।

শীত-গ্রীষ্ম, রোদ-বৃষ্টিতে ক্লান্তিহীন গাছ রোপণ করে যান জুলফিকার আলী। মানুষের বক্রোক্তি, উপহাস তাঁকে টলাতে পারেনি। তাঁর লাগানো চারা গাছ এখন হাজার হাজার মানুষকে শীতল ছায়া দিচ্ছে।

এস এম জুলফিকার আলী
এস এম জুলফিকার আলী

বটগাছের প্রতি ঝোঁক

ছবিলপুর গ্রামে সম্প্রতি কথা হয় জুলফিকার আলীর সঙ্গে। তিনি বলেন, ১৯৮২ সালে তিনি যখন অষ্টম শ্রেণিতে পড়েন, তখন এক ধর্মসভায় তিনি জানতে পারেন, গাছ লাগালে পুণ্য অর্জন হয়। সেখান থেকেই গাছ লাগানোর চিন্তা তাঁর মাথায় আসে।

শুরুতে সব রকম গাছই লাগাতেন। কিন্তু দ্রুতই বটগাছের প্রতি তাঁর ব্যক্তিগত আকর্ষণ তৈরি হয়। তিনি দেখেন, গ্রামের ঈদগাহ মাঠে কোনো গাছ নেই। সেখানে একটি বটগাছের চারা লাগান। এরপর গ্রামের একমাত্র স্কুল মাঠের খালি জায়গায় লাগান বটগাছ। এভাবেই শুরু বটগাছ লাগানো। জামালপুরের বিভিন্ন গ্রাম, হাটবাজার, কবরস্থান, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রাস্তার মোড়, ঈদগাহ মাঠ ও সরকারি খালি জায়গায় যেখানে সুবিধা পেয়েছেন, সেখানেই গাছ লাগানো শুরু করেন তিনি। এ পর্যন্ত প্রায় শতাধিক বটগাছ লাগানো হয়েছে। পরিকল্পনা রয়েছে এক হাজার বটগাছ লাগানোর।

জুলফিকার আলী বলেন, বটের ছায়া শীতল। সেখানে একত্রে অনেক মানুষ বসতে পারে। তা ছাড়া ফলের গাছ বড় হলে মরে যায়। কিন্তু বটগাছ মরে না। জুলফিকার আলীর ধারণা, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বটগাছ বেশি ভালো। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে একসময় অনেক বটগাছ ছিল। এখন তা বিলুপ্তির পথে। তাই বটগাছ লাগালে আমি আলাদা শান্তি পাই।’

জুলফিকার আলী যেখানেই দাওয়াত খেতে যান, হাতে করে নিয়ে যান একটিই উপহার—গাছের চারা। তাঁর এ কাজকে অনেকে পাগলামি মনে করে।

মুকুন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা সুলতানা বলেন, ‘আমার বিয়েতেও লেবু স্যার কয়েকটি গাছের চারা উপহার দিয়েছিলেন। এ নিয়ে বিয়েতে আসা অনেকে হাসিঠাট্টা করেন। কিন্তু স্যারের দেওয়া ওই সব গাছ এখন অনেক বড় হয়েছে।’

 বটগাছের রাজত্ব

মেলান্দহ উপজেলার যেকোনো জায়গায় নামলে জুলফিকার আলীর লাগানো বটগাছ চোখে পড়ে। রাস্তার মোড়ে, গ্রামের পথে, স্কুল-কলেজের মাঠে বাজারে তাঁর লাগানো গাছের পাতা বাতাসে দুলে উঠছে। শুধু মেলান্দহ উপজেলাই নয়, জামালপুর সদর উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ি উপজেলায়ও ছড়িয়ে পড়েছে তাঁর গাছ।

মুকুন্দবাড়ী বটতলায় বিশ্রাম নেওয়ার সময় কথা হয় গ্রামের রহিজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গাছপাগল লেবু মাস্টারকে
সবাই এক নামেই চেনে। গাছ ছাড়া তিনি যেন কিছুই বোঝেন না। তাঁর লাগানো বটগাছের কারণে এই মোড়ের নামকরণ হয়েছে বটতলা।

মুকুন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটগাছ দেখতে গিয়ে কথা হয় প্রধান শিক্ষক মো. হেলালউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘লেবু মাস্টার সত্যিই একজন গাছপাগল। ছোটবেলা থেকেই গাছ লাগানো তাঁর নেশা। প্রায় ১০ থেকে ১২ বছর আগে একটি বটগাছ বিদ্যালয় প্রাঙ্গণে লাগান। এখন গাছটি অনেক বড় হয়েছে। এই গাছতলায় শিক্ষার্থী শারীরিক কসরত ও সবাই বসে বিশ্রাম নেয়।’